২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিএ'র গ্রহণযোগ্যতা নিয়ে মোরের প্রশ্ন

ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কিরন মোরে বলেন, এটি এখন একটি তামাশায় পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কিরন মোরে বলেন, এটি এখন একটি তামাশায় পরিণত হয়েছে। সাবেক জাতীয় নির্বাচক ও উইকেটরক্ষক মোরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করে আরো বলেন, "এদের কারণেই আজ এনসিএ'র এই অবস্থা।" ইংল্যান্ডের কাছে চার ম্যাচের টেস্ট সিরিজের সবগুলো ম্যাচে হারের লজ্জা কিছুতেই মেনে নিতে পারছেন না মোরে। তিনি এর জন্য দেশটির ক্রিকেট বোর্ডকেই দায়ী করছেন। শুধু ওই পরাজয়ই নয় ভারতের ক্রিকেটকে পিছিয়ে দেয়া হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন মোরে। তিনি বলেন, "ক্রিকেট বোর্ডের বিভিন্ন শাখার মধ্যে সবচেয়ে বেশি পর্যালোচনা হওয়া উচিৎ এনসিএ'কে নিয়ে। এখন এটা একটা তামাশায় পরিণত হয়েছে।" এনসিএতে যেভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তা মোটেও পছন্দ নয় মোরের। তিনি বলেন, "শেষবার আমি সেখানে দেখেছি ব্যাটসম্যান ও বোলারদের সবাইকে একই যান্ত্রিক পদ্ধতিতে শেখানো হচ্ছে। আমি বেশ হতাশ হয়েছিলাম। প্রত্যেককে একেইভাবে শেখানো যায় না। প্রত্যেকে একই কাজ করবে এটা আপনি আশা করতে পারেন না।" এনসিএ'র গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, "এনসিএ আমাদের কতজন ক্রিকেটার দিয়েছে যারা অনিল কুম্বলে, শচীন টেন্ডুলকার বা রাহুল দ্রাবিড়ের অভাব পূরণ করতে পারেন। এনসিএ জাতীয় দলে সেই রকম কোনো প্রতিভাকে পাঠাতে পারেনি। এনসিএ বিষয়ে বোর্ডের খুব গুরুত্ব দিয়ে ভাববার সময় এসে গেছে।" এনসিএ চেয়ারম্যান অনিল কুম্বলের প্রতিষ্ঠানটির বিষয়ে আরো আন্তরিক হওয়া উচিৎ বলে মনে করেন সাবেক এই উইকেট রক্ষক। তিনি বলেন, "কুম্বলের আরো বেশি সময় দেয়া উচিৎ। সঠিক কাঠামো থাকার বিষয়টি তাকেই নিশ্চিত করতে হবে। শুধুমাত্র লেভেল ১ বা ২ কোচিং সার্টিফিকেট আছে এমন কাউকে আপনি দায়িত্ব দিতে পারেন না। একটা পর্যায় পর্যন্ত তারা সহায়তা করতে পারে কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের এখানে আরো বেশি ভূমিকা রাখা প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৫৪ ঘ.