ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের নতুন কোচ নিয়োগে তড়িঘড়ি করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ড প্রধান ইজাজ বাটের মেয়াদ শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। অথচ সিদ্ধান্ত নেয়া হয়নি তার ভবিষ্যত নিয়ে। এ অবস্থায় বোর্ড প্রস্তাবিত নতুন কোচদের সঙ্গে আলোচনা শুরু করার আগে ধীরে চলো নীতি নিয়েছে।
গত সপ্তাহে ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ওয়াকার ইউনুস কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সেই সঙ্গে জানিয়ে দেন কেবল জিম্বাবুয়ে সফর পর্যন্ত দলের সঙ্গে থাকবেন তিনি।
একটি টেস্ট, তিনটি একদিনের ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য এ মাসের শেষদিকে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান। বুলাওয়েতে ১ সেপ্টেম্বর টেস্ট শুরুর আগে উভয় দল দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ ও ২৯ অগাস্ট। একদিনের সিরিজের প্রথমটি হবে ৮ সেপ্টেম্বর বুলাওয়েতে।
পাকিস্তানের কোচ হিসেবে সাবেক সহকরী কোচ আকিব জাভেদ ও ইজাজ আহমেদের নাম প্রস্তাব করা হয়েছে। এই দৌড়ে ইজাজের চেয়ে অবশ্য এগিয়ে আছেন আকিব।
জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করছেন বলে দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যেতে পারছেন না আকিব। তার বদলে ভারপ্রাপ্ত সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন ইজাজ।
পিসিবির এক মুখপাত্র জানান, "যেদিন ওয়াকার পদত্যাগের ঘোষণা দেন সেদিনই বোর্ড প্রধান দিল্লি রওনা দেন। তাই নতুন কোচ নিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়নি।"
তবে বোর্ডের এক কর্মকর্তা জানান, দেশের কাউকে এই দায়িত্ব দিতে চাইছে না পিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭১৬ ঘ.
bdnews24