২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতার দায় স্বীকার করলেন সাকিব

কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে মঙ্গলবার গভীর রাতে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। আর বিমানবন্দরে নেমেই অধিনায়ক সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার দায় স্বীকার করে নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে মঙ্গলবার গভীর রাতে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। আর বিমানবন্দরে নেমেই অধিনায়ক সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার দায় স্বীকার করে নেন। তবে প্রতিবারের মতো এবার আর সাকিবদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কর্মকর্তাকে বিমান বন্দরে দেখা যায়নি। এমন কি, সারা বছর ধরে যে সব ক্রীড়া সাংবাদিক (প্রিন্ট মিডিয়া) ক্রিকেট দল নিয়ে মেতে থাকেন, সেসব পরিচিত মুখেরও খুব একটা দেখা মেলেনি। ব্যতিক্রম ছিলেন বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ। পুরো দল যখন ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ভেতরে প্রবেশ করেছে। ঠিক তখনই প্রচার মাধ্যমের সামনে উপস্থিত হলেন সাকিব। বললেন, "ওরা (জিম্বাবুয়ে) আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। জিম্বাবুয়ে কি বাংলাদেশের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ওরা যে আমাদের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমাদের আরো ভালো করা উচিত ছিল। কিন্তু আমরা পারিনি।" "সিরিজের শেষ দিকে যেভাবে খেলেছি, শুরুতে আমরা সেভাবে খেলতে পারলে সিরিজটা অবশ্যই ভালভাবেই শেষ করা যেতো," বলেন তিনি। সমর্থকদের ক্ষোভ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুব্ধ সমর্থকরা। এমন কি, তাদের অনেকের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল 'আরাম-আয়েশ বন্ধ কর, দেশের সম্মান বৃদ্ধি কর'। সমর্থমকদের অনেকের হাতে জুতা ও ঝাড়– দেখা যায়। বাংলাদেশ দল বিমান থেকে নামা মাত্র ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। শ্লোগানের পাশাপাশি জুতা ও ঝাড়– দেখাতে থাকেন তারা ক্রিকেটারদের। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। একই সঙ্গে পুলিশের পাহারায় ক্রিকেটাররা বিমান বন্দর ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৩৭ ঘ.