২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরতে চান আফ্রিদি

ওয়াকার ইউনুস যেদিন পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, সেদিনই সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি জানান, তিনি আবার জাতীয় দলে ফিরতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়াকার ইউনুস যেদিন পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, সেদিনই সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি জানান, তিনি আবার জাতীয় দলে ফিরতে চান। তবে শর্ত জুড়ে দিতে ভোলেননি আফ্রিদি। টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনা এবং এতে সন্তুষ্ট হলে তিনি দলে ফিরবেন বলে জানিয়ে দেন। "পাকিস্তানের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। এমন কি, আমি জিম্বাবুয়ে সফরেও যেতে চাই। আশা করছি, সঠিক সময়ে দলে ফিরতে পারবো," জিও টিভিকে বলেন আফ্রিদি, "তবে টিম ম্যানেজমেন্টে বিচক্ষণ ও ভালো লোক আনতে হবে। যদি এই কাজটা করা হয়, তাহলে আমার অবসরে যাওয়ার ঘোষণা আমি পূনঃবিবেচনা করে দেখবো।" পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিরোধের জের ধরে একদিনের দলের অধিনায়কত্ব কেড়ে নেয়া হয় আফ্রিদির। শর্ত-সাপেক্ষে অবসরের ঘোষণা দিয়ে তিনি এর জবাব দেন। শর্তটি হলো বোর্ডে পরিবর্তন আনা। তখনই তিনি এ কথাও বলেন যে, এই পরিবর্তনে সন্তুষ্ট হলে দলে ফিরবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়াকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন আফ্রিদি। দেশে ফিরে ওয়াকার সফর সম্পর্কে তার রিপোর্টে লেখেন, আফ্রিদির মধ্যে এখনো পরিপক্কতা আসেনি। ওয়াকার তার শৃঙ্খলা মেনে চলার ধরন নিয়েও প্রশ্ন তোলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ পাকিস্তান জেতে ৩-২ ব্যবধানে। পদত্যাগের জন্য ওয়াকার ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণের কথা উল্লেখ করেন। কিন্তু আফ্রিদি তা মানতে নারাজ। বলেন, "আমি তার পদত্যাগের কারণ জানি না। কিন্তু বোর্ড বা দলের কারো সঙ্গে কোনো বিরোধে জাড়িয়ে পড়লে তা তার মোকাবেলা করা উচিত। তবে তাকে দেখে মনে হয় না যে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা আছে।" এর আগে পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ড কিংবা নির্বাচকদের সঙ্গে ওয়াকার কোনো ধরনের বিরোধে জড়িয়ে পড়েননি। সুতরাং তার পদত্যাগের সঙ্গে এ সব বিষয়েরও কোনো সংশ্লিষ্টতা নেই। একই কথা বলেন ওয়াকারও, "দুর্ভাগ্যবশত, বিরোধ নিয়ে নানা ধরনের খবর বের হচ্ছে। অথচ পদত্যাগের বিস্তারিত কারণ আমি সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেছি।" পাকিস্তান দলের সঙ্গে কাজ করা খুবই সম্মানের বিষয় বলে তিনি উল্লেখ করেন। বিরোধ নিয়ে প্রকাশিত খবরকেও উড়িয়ে দেন ওয়াকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/১৭৫৭ ঘ.