ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের পর পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে ওয়াকার ইউনুসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে রহস্যজনক বলে মনে করছেন ওয়াসিম আকরাম।
দীর্ঘ দিনের সতীর্থ ওয়াকার সরে দাঁড়ানোর কারণ হিসেবে 'শারীরিক সমস্যা'র কথা উল্লেখ করেন। কিন্তু তা মানতে নারাজ সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেন, "আমার মনে হয় না এটাই প্রধান কারণ। সম্ভবত বোর্ডের সঙ্গে কোনো কিছু নিয়ে তার বনিবনা হচ্ছে না।"
আকরাম বলেন, "এই পদে কেউ বেশি দিন টিকে থাকতে পারেন না। হয় বরখাস্ত হন, নয়তো নিজেই সরে যান। এতে পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি হচ্ছে।"
"কোচ হিসেবে দারুণ কাজ করছিলেন ওয়াকার। দলকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যান তিনি। পুরো দলই উন্নতি করছিল," যোগ করেন তিনি।
গত বছরের মার্চে প্রধান কোচের দায়িত্ব নেন ওয়াকার। অস্ট্রেলিয়া সফরে কোনো জয় না পাওয়া পাকিস্তান দলকে বলতে গেলে নতুন করে তৈরি করেন ওয়াকার।
আকরাম বলেন, "ওয়াকারকে আমি ভালো করেই চিনি। তিনি একজন লড়াকু মানুষ। সহজে আশা ছাড়তে রাজি নন। আমি নিশ্চিত এখানে বড় কোনো ব্যাপার রয়েছে। অন্যথায় তিনি এ ধরনের সিদ্ধান্ত নিতেন না।"
ওয়াকারের উত্তরসূরী হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন আকরাম।
তিনি বলেন, "পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কাজ করা খুবই সম্মানের। তবে আমি মনে করি না বোর্ড আমাকে দলের কোচ হিসেবে কাজ করার কথা বলবে।"
বোর্ড বা প্রধান নির্বাচক মহসিন খানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা আছে বলে মনে করেন না আকরাম। তিনি বলেন, "আমি কারো বিপক্ষে নই। তবে যখন বিষয়গুলো পাকিস্তান ক্রিকেটের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন কষ্ট পাই। তরুণদের সঠিক পথ দেখানো প্রয়োজন। এ কাজটাই হচ্ছে না এবং সে কারণে আমি ক্ষুব্ধ।"
তিনি বলেন, "মহসিন ভাইকে আমি খুবই সম্মান করি। তবে আমি যা ভাবি তা বলা থেকে তিনি আমাকে বিরত রাখতে পারবেন না। পাকিস্তান ক্রিকেটের জন্য খারাপ কিছু হলে আমার কণ্ঠ জোরালো হবেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৫৬ ঘ.
bdnews24