ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন জিম্বাবুয়ে সফরের পর পাকিস্তানের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ওয়াকার ইউনিস।
নিজের এবং তার স্ত্রীর স্বাস্থ্য সমস্যাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে দেখিয়েছেন ওয়াকার।
করাচীতে এক সংবাদ সম্মেলনে ওয়াকার বলেন, "আমি গত সপ্তাহেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। বোর্ড তা গ্রহণ করেছে। কোচ হিসেবে জিম্বাবুয়ে সফরই আমার শেষ।"
তিনি বলেন, "আমি ব্যাক্তিগত কারণে, আরো সুনির্দিষ্ট করে বললে চিকিৎসা সংক্রান্ত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। কারো সঙ্গে কোনো ধরনের মত পাথর্ক্যরে কারণে এ সিদ্ধান্ত নেইনি।"
তিনি বলেন, "সব ঠিক থাকলে, আমার এবং আমার স্ত্রীর শরীর ঠিক থাকলে আমি এ ধরনের সিদ্ধান্ত নিতাম না। কিন্তু ব্যাক্তিগত সমস্যা মাথায় নিয়ে আমি কাজের প্রতি অবিচার করতে পারি না।"
ইন্তিখাব আলমকে সরিয়ে ৩৯ বছর বয়সী ওয়াকার পাকিস্তান দলের দায়িত্ব পান ২০১০ সালের মার্চে। অস্ট্রেলিয়া সফরে পুরোপুরি বিধ্বস্ত হয় পাকিস্তান। ওই সফরে পাকিস্তান একটি ম্যাচও জেতেনি।
ইংল্যান্ডে স্পট ফিক্সিং কেলেঙ্কারি, উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারের দল ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দেয়ার মতো কঠিন সময় পার করতে হয়েছে তাকে। তবে বিশ্বকাপে পাকিস্তান খেলে সেমিফাইনালে। নিউজিল্যান্ড সফরে টেস্ট ও একদিনের সিরিজে জেতে তার দল।
তিনি বলেন, "ব্যাপারটা আমার কাছে রোলারকোস্টারের মতো। স্পট ফিক্সিংসহ অনেক সমস্যা আমাদের সামনে এসেছে। কিন্তু খেলোয়াড়রা সব সমস্যা পাশ কাটিয়ে সেরা ক্রিকেট খেলেছে।"
ওয়াকারের সরে দাঁড়ানোর খবরে বিমূঢ় পাকিস্তানের ক্রিকেটাররা। তবে তরুণ এই দলটির সামনে উজ্জ্বল সময় অপেক্ষা করছে বলে মনে করেন তিনি।
পিসিবি এখনো ওয়াকারের উত্তরসূরীর নাম ঘোষণা করেনি।
২৮ অগাস্ট থেকে পাকিস্তানের জিম্বাবুয়ে সফর শুরু হবে। এতে তারা জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৩৪ ঘ.
bdnews24