ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় দিনের শেষ বেলায় বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে বিপদে পড়েছে ভারত।
কেনিংটন ওভালে চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১০৩ রান। এক প্রান্তে রাহুল দ্রাবিড় ৫৭ ও অন্য প্রান্তে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৫ রানে ব্যাট করছেন।
প্রথম পালায় ইংল্যান্ডের চেয়ে এখনো ৪৮৮ রানে পিছিয়ে আছে ভারত। ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন ২৮৯ রান। দ্রাবিড় ছাড়া ভারতের প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে কেবল শচীন টেন্ডুলকার পা রাখেন দু'অঙ্কের কোঠায় (২৩)।
ইংল্যান্ডের পক্ষে গ্রায়েম সোয়ান ৩ উইকেট নেন ২৭ রানে।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বৃষ্টি নামলে দ্বিতীয় সেশনে আর বল মাঠেই গড়ায় নি। সে কারণে ৬ উইকেটে ৫৯১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ওই রানেই নিজেদের প্রথম পালা ঘোষণা করে ইংল্যান্ড দলনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। পরে চা-বিরতির পর আবার খেলা শুরু হয়।
এ সময় এক প্রান্তে রবি বোপারা ৪৪ ও অন্য প্রান্তে ম্যাট প্রায়র ১৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ইয়ান বেলের প্রথম দ্বিশতকের সুবাদে প্রথম পালায় রানের পাহাড় গড়ে তুলে ইংল্যান্ড। ৩ উইকেটে ৪৫৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে যোগ করে ১৩৪ রান।
নাইটওয়াচম্যান জেমস অ্যান্ডাসনকে নিয়ে দেখেশুনে দিনের খেলা শুরু করেন বেল। তবে অ্যান্ডাসনকে ফিরিয়ে দিতে খুব বেশি সময় নেয়নি ভারতের বোলাররা। দলীয় ৪৮০ রানের মাথায় সাজঘরের পথ ধরেন অ্যান্ডারসন (১৩)। বেশিক্ষণ টেকেন নি ইয়ন মর্গান (১)। ৭ রান পরেই অ্যান্ডারসনকে অনুসরণ করেন তিনি।
দ্বিশতকে পৌঁছার পর হাত খুলে খেলতে থাকা বেল (২৩৫) ফেরেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। দলের রান তখন ৫৪৮। তিনি তার ২৩২ বলের ইনিংসটি সাজান ২৭টি চার দিয়ে।
ভারতের পক্ষে শ্রীশান্থ ৩ উইকেট নেন ১২৩ রানে।
চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৫৮ ঘ.
bdnews24