২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন টেইট

অস্ট্রেলিয়ার পেসার শন টেইট জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার পেসার শন টেইট জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে যোগ দিয়েছেন। চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টিতে মিড ওয়েস্ট রাইনোসের হয়ে খেলবেন তিনি। এরই মধ্যে টেইট ও রাইনোস শর্তের ব্যাপারে একমত হয়েছেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগাডেসের হয়ে খেলবেন টেইট। তাদের সঙ্গে ছয় সপ্তাহ আগে চুক্তি করেছেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসরে খেলতে ডলফিনে যোগ দেন তিনি। আগামী বছরের ফেব্র"য়ারিতে ওই লিগ শুরু হবে। টেইট বলেন, "আমি আশা করছি জিম্বাবুয়ের খেলাগুলো আমাকে বিগ ব্যাশের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।" ম্যাচ ফিটনেস নিয়েই বেশি ভাবছেন তিনি। তিনি বলেন, "ঠিক সময়ে জিম্বাবুয়ের টুর্নামেন্টটি হচ্ছে। এটা আমার ম্যাচ ফিটনেস বাড়াতে কাজে লাগবে।" জিম্বাবুয়ের টুর্নামেন্ট কবে নাগাদ শুরু হবে তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে টুর্নামেন্ট ৩ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে মেলবোর্নে ফিরে গিয়ে নিজেকে বিগ ব্যাশের জন্য প্রস্তুত করতে যথেষ্ট সময় পাবেন টেইট। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যর্থ মিশন শেষে টি-টোয়েন্টি ক্রিকেটে পূর্ণ মনযোগ দিতে একদিনের ক্রিকেটকে বিদায় জানান টেইট। ডাক পেলে এখনো দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে রাজি টেইট। বিশ্বকাপের পর খেলেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে। চোটের কারণে রাজস্থান রয়্যালসের হয়ে বেশি খেলা হয়নি তার। খেলেন ৪ ম্যাচ, নেন ৬ উইকেট। কনুইয়ের চোটের কারণে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সারের হয়েও খেলা হয়নি তার। তিনি বলেন, "আমি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে চাই। ক্লাবগুলো আমাকে দলে নিলে তা হবে দারুণ ব্যাপার। আমি টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একজন মুক্ত ক্রিকেটারে পরিণত হয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬০০ ঘ.