২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরিয়ে দেয়া হলো হিলডিচকে

অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচকে সরিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচকে সরিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার ক্রিকেটে বড় দু'টি সিদ্ধান্ত নিয়েছে সিএ। প্রথমত, পূর্ণকালীন জাতীয় নির্বাচক নিয়োগ ও দ্বিতীয়ত, নির্বাচক প্যানেল থেকে গ্রেগ চ্যাপেলকে বাদ দেয়া। এর ফলে কাজ হারিয়েছেন হিলডিচ। এছাড়া চাকরি হারানোর ঝুঁকির মধ্যে রয়েছেন দলের কোচ টিম নিলসেন। অ্যাশেজে হারার কারণ খতিয়ে দেখার পর ডন আর্গুসের নেতৃত্বাধীন মূল্যায়ন কমিটির কিছু কিছু সুপারিশ অনুমোদন করেছে সিএ। এ সব সুপারিশের ভিত্তিতে পাঁচ সদস্যের নির্বাচক প্যানেল গঠন করা হবে। এতে একজন পূর্ণকালীন চেয়ারম্যান ও দু'জন নির্বাচক থাকবেন। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে অধিনায়ক ও কোচের দায়িত্বও। তারাও থাকছেন নির্বাচক প্যানেলে। প্রতিভা খুঁজে বের করার কাজে নিয়োজিত ম্যানেজার চ্যাপেল থাকছেন না ওই দলে। সিএ চেয়ারম্যান জ্যাক ক্লার্ক বলেন, "নতুন নির্বাচন প্যানেলে একজন পূর্ণকালীন নির্বাচক থাকবেন। হিলডিচ এডিলেডে আইনজীবী হিসেবে কাজ করেন। তার পক্ষে এ পদে থাকা সম্ভব নয়।" তবে খণ্ড-কালীন নির্বাচক হিসেবে কাজ করতে হিলডিচ আবেদন করবেন কী না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, "তার (হিলডিচের) সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি। তবে তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করায় তাকে বিবেচনা করা হচ্ছে না।" এদিকে এক বিবৃতিতে হিলডিচ বলেন, "জাতীয় নির্বাচন প্যানেলের ব্যাপারে মূল্যায়ন কমিটির সুপারিশের প্রতি আমার পুরো সমর্থন রয়েছে।" এটি অস্ট্রেলিয়ায় ক্রিকেটের ভবিষ্যতকে উজ্জ্বল করবে বলে তিনি মনে করেন। নিলসেন ও মাইকেল ক্লার্ক শ্রীলঙ্কা সফরেই নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন। আর নির্বাচক হিসেবে দলের সঙ্গে থাকা চ্যাপেল আপাতত কাজ চালিয়ে যাবেন। এদিকে কোচের দায়িত্ব আরো বেড়ে যাওয়ায় নিলসেন তার পদ ধরে রাখতে পারবেন কী না, সে ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে। বর্তমানে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পঞ্চমে রয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে দলটি। প্রতিযোগিতা হবে ২০১৩ সালে। এতে অংশ নিবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬২৬ ঘ.