২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্টি দল নাও খেলতে পারে চ্যাম্পিয়ন্স লিগে

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কাউন্টি দলগুলোর অংশ গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 11:07 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কাউন্টি দলগুলোর অংশ গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টেলিগ্রাফের এক খবরে এমনই আভাস দিয়েছে ইসিবি। খবরে বলা হয়, আগে অর্থ না দেয়া হলে দলগুলোর খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ফ্রেন্ডন্স লিগ টি-টোয়েন্টির সেমিফইনালে বিজয়ী দুই দলের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়ার কথা। ল্যাঙ্কাশায়ার ও লিস্টারশায়ার প্রথম এবং হ্যাম্পশায়ার ও সামারসেট দ্বিতীয় সেমিফাইনালে খেলবে। চ্যাম্পিয়ন্স লিগে হবে সেপ্টেম্বরে। প্রতিযোগিতার বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জনের পরপরই আয়োজকরা তাদের খরচের অর্থ দিয়ে দিক, এমনটাই চায় ইসিবি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দুই আসরে অংশ নেয়া অনেক দলই সময় মতো টাকা পায়নি। অনেক দলকে আবার পুরো টাকা দেয়া হয়নি। ২০০৯ সালে প্রতিযোগিতার প্রথম আসরে সামারসেট ও সাসেক্স অংশ নেয়। তবে পরের বছর আয়োজকদের সঙ্গে সময়সূচী নিয়ে ইসিবির বনিবনা না হওয়ায় ইংল্যান্ডের কোনো দল এতে অংশ নেয়নি। সামারসেটের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, "আমাদের অর্থ দিতে অনেক দেরি করে তারা। অবশেষে পাঁচ মাস পর অর্থ দেয়া হলেও ভারত সরকারের কর হিসেবে ২০ শতাংশ কেটে রাখা হয়।" রিচার্ড বর্তমানে সারের প্রধান নির্বাহী কর্মকর্তা। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় আসরের বাছাই পর্ব ১৯ সেপ্টেম্বর হায়দ্রাবাদে শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৪৬ ঘ.