২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় দেরিতে ফিরল বাংলাদেশ

সিরিজ খুইয়ে নিজেদের খেলা খেলল বাংলাদেশ। চতুর্থ একদিনের ম্যাচে সব বিভাগে জিম্বাবুয়েকে পরাস্ত করে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ৮০ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ খুইয়ে নিজেদের খেলা খেলল বাংলাদেশ। চতুর্থ একদিনের ম্যাচে সব বিভাগে জিম্বাবুয়েকে পরাস্ত করে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ৮০ বল। বুলায়েতে শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে অধিনায়ক ব্রেন্ডন টেলরের শতকের পরেও ৪৮ ওভার ২ বলে ১৯৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবালের অর্ধশতকের সুবাদে ৩৬ ওভার ৪ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ২০০ ছাড়িয়ে ২০৩ রানে পৌঁছে যায় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ইমরুল কায়েস ও তামিম। দুবার জীবন পেলেও সব বল তাড়া করতে গিয়ে দলীয় ৪৬ রানের মাথায় ক্রিস্টোফার এমপোফুর শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরে যান ইমরুল (২৮)। তার ২০ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছয় রয়েছে। ইমরুলের বিদায়ের পরও বাংলাদেশের রান তোলার গতি খুব একটা কমেনি। তবে দশম ওভারের শেষ বলে জুনায়েদ সিদ্দিক (১৪) বিদায় নিলে একটা বড় ধাক্কা খায় সফরকারীরা। তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তামিম ও মুশফিকুর রহীম। তবে অর্ধশতকে পৌঁছার পর তামিম (৬১) ও সাত রান পর মুশফিক (১৬) বিদায় নিলে একটু চাপে পড়ে বাংলাদেশ। এ রান করার পথে তামিম বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার মাইল ফলক অতিক্রম করেন। তিনি তার ৫৩ বলের ইনিংস সাজান ৯টি চার দিয়ে। ১২৯ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারালেও বাংলাদেশকে সহজ জয় এনে দেন সাকিব ও শুভাগত হোম চৌধুরী। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৭৪ রান যোগ করেন তারা। শেষ পর্যন্ত সাকিব ৩৯ ও শুভাগত ৩৫ রানে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে এমপোফু, কাইল জার্ভিস, প্রসপার উৎসেয়া ও রে প্রাইস একটি করে উইকেট নেন। এর আগে ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে থাকা স্বাগতিকদের টেনে তুলেন টেলর ও এল্টন চিগুম্বুরা। পঞ্চম উইকেটে ৯৪ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তারা। ইনিংস মেরামত শেষ, এবার পল্টা আক্রমণের পালা ভেবে ৪৪ ওভার থেকে ব্যাটিং পাওয়ার প্লে নেন তারা। পাওয়ার প্লের প্রথম ওভারেই ৩ বলের মধ্যে চিগুম্বুরা (৩১) ও টেলরকে (১০৭) তুলে নেন রুবেল হোসেন। টেলর তার ১৩৭ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ১টি ছয় দিয়ে। এটি বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় শতক। আর সব মিলিয়ে চতুর্থ। ১৮৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেলরের বিদায়ের সঙ্গে সঙ্গেই দারুণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ। পরের ওভারে ফিরেই রুবেল পর পর দুই বলে ফিরিয়ে দেন ম্যালকম ওয়েলার (১২) ও রে প্রাইসকে (০)। শেষ পর্যন্ত হ্যাট্রিক না হলেও জিম্বাবুয়ের সংগ্রহ খুব বড় হওয়ার সম্ভাবনা সেখানেই শেষ করে দেন তিনি। এর পর শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাকও উইকেট শিকারে যোগ দিলে ১০ বল আগেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ১৮৩ রানে মাসাকাদজার বিদায়ের পর ১৬ রান যোগ করতে আরো ৫ উইকেট হারায় স্বাগতিকরা। এর আগে উদ্বোধনী জুুটিতে ৪০ রান তুলে দলকে ভালো সূচনা এনে দেন টেলর ও ভুসি সিবান্দা। সিবান্দাকে (১৮) ফিরিয়ে দিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন শফিউল। মাসাকাদজা ০, তাতেন্দা তাইবু ৭ ও ফরস্টর মুতিজওয়া ৯ দ্রুত বিদায় নিলে এক পর্যায়ে ৮৯ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে রুবেল ৪ উইকেট নেন ৩১ রানে। শফিউল নেন ৪৭ রানে নেন ২ উইকেট। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম তিনটিতে হেরে ৩-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৪৮ ঘ.