ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব হারানোর সিরিজে কিছু পেতে ওভালে জয় চায় ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটিতে হেরে ইংল্যান্ডের কাছে সিরিজের পাশাপাশি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও খুইয়েছে ভারত।
বৃহস্পতিবার ওভালে বাংলাদেশ সময় বিকেল চারটায় ইংল্যান্ড ও ভারত চতুর্থ ও শেষ টেস্টে মাঠে নামবে।
এই টেস্ট হারলে ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারবে ভারত। সেই সঙ্গে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে আরো পিছিয়ে পড়তে পারে দেশটি।
টানা তিন বড় পরাজয় আর দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট ভারতকে শেষ টেস্টেও পিছিয়ে রাখছে।
টেস্ট জেতান বোলাররা। কিন্তু ভারত চোটের কারণে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই বোলারকে পাচ্ছে না। জহির খান ও হরভজনের সিরিজ শেষ হয়ে গেছে আগেই। সে কারণে অনেকটাই ধার হারিয়েছে সফরকারী দলের বোলিং আক্রমণ। ইশান্ত শর্মা-প্রভিন কুমার ও শ্রীশান্থ তৃতীয় টেস্টে দলকে হতাশ করেছেন।
ওই টেস্টে মোটে ৭ উইকেট নিতে পেরেছেন তারা। যেখানে ভারতের ব্যাটসম্যানরা দুই ইনিংস মিলিয়েও পাঁচশ রান করতে পারেন নি সেখানে ইংল্যান্ড প্রথম ইনিংসেই সাতশ'র বেশি রান তুলে নেয়।
ভারতীয় বোলারদের নির্বিষ বোলিংয়ের পাশাপাশি ফিল্ডারদের বাজে ফিল্ডিংও কম দায়ী নয়। বোলাররা যাও কয়েকটি সুযোগ এনে দিয়েছেন ফিল্ডাররা সেগুলো কাজে লাগাতে পারেন নি।
বোলারেেদর মতো নিজেদের ছায়া হয়ে আছেন ভারতের ব্যাটসম্যানরা। চোট কাটিয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে 'কিং পেয়ার' পেয়েছেন বীরেন্দর শেবাগ। গৌতম গম্ভিরও নেই ছন্দে। ভারতকে উদ্বোধনী ব্যাটসম্যানরা শক্ত ভিত গড়ে দিতে না পারায় চাপ পড়ছে মিডল অর্ডারের উপর।
কিন্তু বিপদ হচ্ছে রাহুল দ্রাবিড় ছাড়া দলের আর কেউ সেভাবে ফর্মে নেই। এজবাস্টনে দুটি অর্ধশতক তুলে নেয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুরো সিরিজেই ব্যাট হাতে অনুজ্জ্বল। উইকেটের পেছনেও খুব ভালো করেন নি।
ইংল্যান্ড সফরে তিন টেস্ট শেষে কেবল দ্রাবিড়ের গড় ৪০ এর উপর। ভিভিএস লক্ষ্মণ কখনো কখনো পুরনো রূপে ফিরলেও অধিকাংশ সময়ে ব্যর্থ হচ্ছেন। শর্ট বলে সুরেশ রায়না এখনো দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন নি। প্রতি টেস্টে তিনি সহজ শিকারে পরিণত হচ্ছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের শতক থেকে এক পা দূরে দাঁড়িয়ে থাকা শচীন নিজেকে খুঁজছেন। আটকে আছেন ৯৯ শতকেই। তার একটা বড় ইনিংস খেলা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভারতের মান বাঁচানোর ম্যাচে পুরনো শচীনকেই দেখতে চাইবেন ধোনি।
অন্যদিকে ফুরফুরে মেজাজে আছেন ইংল্যান্ড দলনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। অ্যালিস্টার কুক ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানকে নিয়ে তার দুশ্চিন্তা ছিল না। ওই দুশ্চিন্তাও কেটেছে তার।
অ্যাশেজে দারুণ খেলা কুক যেন নিজের ছায়া হয়ে ছিলেন। কিন্তু এজবাস্টনে ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক তুলে নিয়ে অধিনায়ককে ভার মুক্ত করেছেন তিনি। কেভিন পিটারসেন, ইয়ান বেল, ইয়ন মর্গানের ব্যাট ঠিকই আলো ছড়াচ্ছে।
চোটের কারণে জনাথন ট্রট না খেলায় আরো একটি সুযোগ পেতে পারেন রবি বোপারা। এজবাসবটনে ব্যর্থ হলেও নিজেকে প্রমাণের জন্য ওভালে সেরা ক্রিকেটই খেলতে চাইবেন তিনি।
ইংল্যান্ডের বোলাররাও তাদের সেরা সময় পার করছেন। প্রতিটি ইনিংসে কেউ না কেউ প্রতিপক্ষকে গুড়িয়ে দিচ্ছেন। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসন্যান ও গ্রায়েম সোয়ানের বিপক্ষে তৃতীয় টেস্টেও স্বত্বিতে থাকবে না সফরকারী দলের ব্যাটসম্যানরা।
ব্রড ও ব্রেসন্যান ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টে বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। তাদের আলরাউন্ড পারফরম্যান্সের জবাব জানা ছিল না ভারতের।
ওভালে চোটের কারণে শেষ পর্যন্ত নাও খেলতে পারেন এই সিরিজে এখন পর্যন্ত ১৮ উইকেট নেয়া অ্যান্ডারসন। শেষ পর্যন্ত তিনি না খেললে ফিরতে পারেন স্টিভেন ফিন।
সব মিলিয়ে ওভালে এগিয়ে থেকেই মাঠে নামবে ইংল্যান্ড। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠার পর তা ধরে রাখার কাজ শুরু করতে হবে এই ম্যাচ থেকেই। কাজটা কতো কঠিন প্রথম ম্যাচেই হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়ে মুখিয়ে থাকবে ভারত। সিরিজের নিষ্পত্তি হয়ে গেলেও শেষ টেস্টে কিন্তু লড়াইয়ের আমেজ থাকছেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৩৪ ঘ.
bdnews24