ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের কাছে পাঁচ বছরের মধ্যে প্রথম সিরিজ হারল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সফরকারীরা হারে ৫ রানে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে তাতেন্দা তাইবু ও হ্যামিল্টন মাসাকাদজার অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ২৫০ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৪৯ ওভার ২ বলে ২৪৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ভালো অবস্থানে থাকা বাংলাদেশকে হারতে হয়েছে শেষ সময়ে মাথা ঠাণ্ডা রেখে খেলতে না পারায়। এক প্রান্তে মুশফিক দায়িত্ব নিয়ে খেললেও অন্য প্রান্তে রিয়াদ, নাসির অতিরিক্ত মারতে গিয়ে দলের বিপদ ডেকে আনেন। ৩ বলের মধ্যে দুজন বিদায় নেয়ায় ম্যাচে দারুণভাবে ফিরে আবে জিম্বাবুয়ে। ৪৯ তম ওভারে এসে কাইল জার্ভিস শফিউল ইসলাম ও রুবেল হোসেনকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের জন্য কাজ আরো কঠিন করে তুলেন।
শেষ ওভারের প্রথম বলে ২ রান নিয়ে মুশফিক (১০১) নিজের প্রথম শতক তুলে নিলেও পরের বলেই ক্যাচ দিয়ে দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি।
এর আগে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে ৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রসপার উৎসেয়ার বলে ইমরুলের (১৬) বিদায়ের পর অবশ্য বাংলাদেশের খেলার ধরন পাল্টে যায়।
এতক্ষণ সাবলীল খেলতে থাকা তামিম নিজেকে গুটিয়ে নেন। শুরু থেকে আত্মবিশ্বাস নিয়ে খেললেও বেশিক্ষণ টেকেননি জুনায়েদও (১২)। দলীয় ৬৬ রানের মাথায় উৎসেয়ার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরের ফেরেন তিনি।
দেখেশুনেই খেলছিলেন তামিম ও মুশফিক। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে লড়াইয়ে ফেরাচ্ছিলেন তারা। কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়ে হাত থেকে ব্যাট ফেলে দিয়ে তামিম (৪৪) রান আউট হয়ে বিদায় নিলে আবার চাপে পড়ে সফরকারীরা। দলের রান তখন ৯১।
অবিচল মুশফিকের সঙ্গে রানের জন্য ছটফট করা দলীয় অধিনায়ক সাকিবের জুটিও ভালো কিছুর আভাস দিচ্ছিল। কিন্তু তিনিও সেট হয়ে উৎসেয়াকে উইকেট দিয়ে সাজঘরে ফেরেন। দলের রান তখন ১২৪। সাকিব করেন ১৯ রান।
নিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নামা শুভাগত হোম চৌধুরী ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং ওই অবস্থা থেকে আবারো খেলায় ফেরায় বাংলাদেশ। ৬১ রানের জুটি গড়ে ম্যাচে অহেতুক শুভ (৩২) রান আউট হয়ে গেলে আবারো একা হয়ে পড়েন মুশফিক।
জিম্বাবুয়ের পক্ষে উৎসেয়া ৩ উইকেট নেন ৪৭ রানে।
এর আগে ৩৯ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক ব্রেন্ডন টেলর (৪) ও ভুসি সিবান্দাকে (২৭) হারিয়ে চাপে পড়া জিম্বাবুয়েকে টেনে তুলেন তাইবু ও মাসাকাদজা। তবে বাংলাদেশের ফিল্ডারা ক্যাচ মিসের মহড়া না দিলে পরিস্থিতি অন্য রকম হতে পারতো।
তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তারা। প্রথম দিকে পেসারদের দেখেশুনে খেললেও স্পিনাররা আসার পর রানের গতি বেশ বাড়িয়ে নেন তারা।
দলীয় ১৮১ রানের মাথায় মাসাকাদজা (৭৪) ফিরে গেলে একা হয়ে পড়েন তাইবু। মাসাকাদজা তার ১০০ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ২টি ছয় দিয়ে। মাসকাদজার বিদায়ের পর বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয় স্বাগতিক দলের ব্যাটসম্যানরা।
তিনবার জীবন পাওয়া তাইবু শেষ পর্যন্ত ফেরেন ৮৩ রানে। দলের রান তখন ২১৭। তার ১০৩ বলের ইনিংসে ৮টি চার রয়েছে।
দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পর এল্টন চিগুম্বুরার 'ক্যামিও' জিম্বাবুয়েকে বড় সংগ্রহ এনে দেয়। ২১ বলে ৩১ রান করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি।
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ও সাকিব নেন ২ করে উইকেট। এ জন্য রুবেল দেন ৪১ রান। সাকিব ৪৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩১ ঘ.
bdnews24