ক্রিকেট বিশ্বকে শাসন করবে ইংল্যান্ড: অ্যান্ডারসন
আইসিসি টেস্ট র্যাঙ্কিয়ের শীর্ষস্থান অর্জনের পর এবার ক্রিকেট বিশ্ব শাসন করতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টেস্ট র্যাঙ্কিয়ের শীর্ষস্থান অর্জনের পর এবার ক্রিকেট বিশ্ব শাসন করতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ভারতের কাছ থেকে সিরিজের পাশাপাশি শীর্ষস্থানও কেড়ে নিয়েছে ইংল্যান্ড। ২০০৩ সালে র্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এবারই প্রথম ইংল্যান্ড শীর্ষে উঠলো।
বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এন্ডারসন বলেন, "সব দেশই ক্রিকেটের সব ফরম্যাটে শীর্ষে উঠতে চায়। তবে সেটা খুব সময়ই ঘটে। আমরা এবার এক পা এগিয়েছি। এখন আমাদের সামনে যাওয়ার সময়।"
এজবাস্টনে শেষ টেস্টে ইংল্যান্ড ইনিংস ও ২৪২ রানে হারায় ভারতকে। চলতি শতকে এটাই ভারতের সবচেয়ে বড় পরাজয়। আর ক্রিকেটের ইতিহাসে পনেরতম বাজে হার।
প্রথম তিন টেস্ট জেতার পর এবার ইংল্যান্ডের লক্ষ্য চতুর্থ ও শেষ টেস্টও জিতে নেয়া। ওভালে ১৮ অগাস্ট থেকে শেষ টেস্ট শুরু হচ্ছে। এর পর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি একদিনের ম্যাচ খেলবে তারা। ৩১ অগাস্ট ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর পরই দুই দেশ খেলবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে।
২০০৯ সালের এপ্রিলে অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার সময় দলটি টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে ছিল। এর পর তারা অস্ট্রেলিয়াকে নিজেদের এবং তাদের মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছে ইংল্যান্ড। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও তারা।
এবার তাদের লক্ষ্য একদিনের বিশ্বকাপ জেতা। গত আসরে শ্রীলঙ্কার কাছে কোয়ার্টার ফাইনালে ১০ উইকেটে হেরে বিদায় নেয় তারা। বর্তমানে একদিনের ক্রিকেটে তাদের অবস্থান পঞ্চম।
অ্যান্ডারসন দলের পক্ষে ৬২টি টেস্ট খেলেছেন। এতে ৩০.৫২ গড়ে নিয়েছেন ২৩৭ উইকেট। ভারতের বিপক্ষে ২৪.২৭ গড়ে নিয়েছেন ১৮ উইকেট। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের মধ্যে তার অবস্থানে দুই নম্বরে।
ইংল্যান্ডকে শীর্ষে নিয়ে আসার পেছনে কোচ ফ্লাওয়ারকে কৃতিত্ব দিয়েছেন অ্যান্ডাসন। তিনি বলেন, "তিনি আসার পরই সব বদলে গেছে। আমাদের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য যা করার প্রয়োজন তিনি ঠিক তাই করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯১৩ ঘ.
