২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসাদ কোনো কারণ নয়: শ্রীকান্ত

বাজে প্রস্তুতি বা অবসাদ নয় দলের ব্যাটিং ব্যর্থতাই ভারতের ইংল্যান্ড সিরিজ হারের কারণ বলে মনে করছেন দেশটির প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 11:53 AM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজে প্রস্তুতি বা অবসাদ নয় দলের ব্যাটিং ব্যর্থতাই ভারতের ইংল্যান্ড সিরিজ হারের কারণ বলে মনে করছেন দেশটির প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত।

তিনি বলেন, "এফটিপি'র দিকে তাকালে দেখা যাবে সব দেশেরই বছরে ৩৬৫ দিন ক্রিকেট খেলতে হয়। এটা শুধু ভারতের একার নয়, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যেই হোক না কেন খেলার মধ্যেই থাকতে হয়।"

তিনি বলেন, "বছরের সব সময়ই ক্রিকেট মাঠে থাকে। টেস্ট, টি-টোয়েন্টি বা একদিনের ক্রিকেট যে ফরম্যাটেই হোক খেলা হয়। আমার মনে হয় না অবসাদের কারণে খেলোয়াড়রা বাজে খেলছে।"

গত ১২ মাসে ভারত অন্য যে কোনো দেশের চেয়ে বেশি টেস্ট খেলেছে। আর শুধু পাকিস্তান একদিনের ম্যাচ তাদের চেয়ে বেশি খেলেছে। সব মিলিয়ে এই সময়কালে তারা ১৪টি টেস্ট ও ২৯টি একদিনের ম্যাচ খেলেছে। বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহের মধ্যে শুরু হওয়া আইপিএলেও খেলেছে তারা।

ইংল্যান্ডে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটিতে বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। সিরিজের পাশাপাশি ইংল্যান্ডের কাছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে তারা।

তিন টেস্টের কোনোটিতেই ভারত তিনশ'র বেশি রান করতে পারেনি। ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র রাহুল দ্রাবিড়ের গড় ৪০ এর উপরে। শ্রীকান্ত বলেন, "ব্যাটসম্যানরা ইউনিট হিসেবে খেলতে ব্যর্থ হয়েছে। ভারতীয় দলে ব্যাটিং ঠিক হলে সব ঠিক হয়। তবে আমরা বল এবং ফিল্ডিংও ভালো করিনি। যদিও ইংল্যান্ডের কন্ডিশন স্বাভাবিকভাবেই বোলারদের পক্ষে থাকে।"
তিনি বলেন, "আমাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ রান পাননি। তবে তারা গত কয়েক বছরে অনেক সাফল্য পেয়েছেন। এই দলই দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারিয়েছে। আমাদের দূর্ভাগ্য এই সফরে কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি।

এর আগে সিরিজ হারের পর ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেটাররা বোর্ড ও নির্বাচকদের সমালোচনা করে। তারা ভারতের পরাজয়ের জন্য স্বল্প প্রস্তুতি ও বাজে পরিকল্পনাকে দায়ী করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫০ ঘ.