ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলের ১২ দিনের স্কিল ক্যাম্প শুরু হয়েছে।
রোববার প্রধান কোচ মিজানুর রহমানের তত্ববধানে ২৬ জন ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হয়। চলবে ২৫ অগাস্ট পর্যন্ত।
প্রথম দিন উপস্থিত ছিলেন ২৫ ক্রিকেটার। উইকেটরক্ষক ধীমান ঘোষ প্রথম দিন যোগ দেননি। নির্ধারিত সময় দুপুর দেড়টায় একে একে মাঠে আসেন ক্রিকেটাররা। কেউ দাঁড়িয়ে আছেন জাতীয় দলের দ্বারপ্রান্তে কেউবা আছেন দলে ফেরার লড়াইয়ে।
অলক কাপালী ও রকিবুল হাসান শেষ সিরিজে জাতীয় দলে ছিলেন। এর আগে কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন, স্কিল ক্যাম্পেও কাজ করেছেন। 'এ' দলের স্কিল ক্যাম্প জাতীয় দলে ফেরার লড়াইয়ে রসদ জুগাবে বলে মনে করছেন তারা।
কাপালী ফিরতে চান জাতীয় দলে। সে জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি। তিনি বলেন, "লক্ষ্য তো অবশ্যই জাতীয় দলে ফেরা। কঠোর অনুশীলন করছি। আশা করি জাতীয় দলে আবারো ফিরতে পারবো।"
প্রায় একই কথা রকিবুলের মুখেও। দ্রুত জাতীয় দলে ফিরতে চান তিনি। তিনি বলেন, "সুযোগ পেয়ে ভালো লাগছে। এখন ঘরোয়া ক্রিকেট নেই। এসময় স্কিল নিয়ে কাজ করতে পারলে খেলোয়াড়রা বেশ উপকৃত হবে।"
স্কিল ক্যাম্পের আগে একাডেমি দলের খণ্ডকালীন বিশেষজ্ঞ কোচ জিওফ লওসনের সঙ্গেও ১২ দিনের একটি ক্যাম্পে কাজ করেন 'এ' দলের বোলাররা।
দল: নাজিম উদ্দিন, শামসুর রহমান, নাসিরুদ্দিন ফারুক, নাঈম ইসলাম, রকিবুল হাসান, নাদিফ চৌধুরী, মোহাম্মদ মিথুন, সৈয়দ রাসেল, ফরহাদ হোসেন, রনি তালুকদার, জহুরুল ইসলাম, ধীমান ঘোষ, মেহরাব হোসেন, সগির হোসেন, নুর হোসেন, সাকলায়েন সজীব, মোহাম্মদ ইলিয়াস, তাপস বৈশ্য, শুভাশীষ রায়, ফরহাদ রেজা, ডলার মাহমুদ, তারেক আজিজ খান, শাহাদাৎ হোসেন, মাহমুবুল আলম, নাজমুল হোসেন মিলন ও অলক কাপালী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫২৭ ঘ.
bdnews24