ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টন টেস্ট হারের পর দেশটির সাবেক অধিনায়ক ও ক্রিকেটাররা ভারতে ক্রিকেট ধসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
ইনিংস ও ২৪২ রানে এজবাস্টন টেস্ট হেরে ইংল্যান্ডের কাছে সিরিজের পাশাপাশি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও খুইয়েছে ভারত। দেশটির সাবেক ক্রিকেটাররা মনে করছেন, ভারতের শীর্ষস্থান ফিরে পেতে অনেক সময় লাগবে।
সাবেক অধিনায়ক মনসুর আলী খান পাতৌদী হারের পেছনে প্রস্তুতির অভাবকেই বড় করে দেখছেন। তিনি বলেন, "হারের পেছনে পর্যন্ত প্রস্তুতির অভাব একটা বড় কারণ। তবে মনে হয় না এই হার থেকে ভবিষ্যতের সিরিজের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনো শিক্ষা নেবে।"
তিনি পিটিআইকে বলেন, "আমার কথা হতাশাবাদীদের মতো শুনাতে পারে কিন্তু আমি ভয় পাচ্ছি ক্রিকেটাররা এটাকে একটা খারাপ স্বপ্নের মতো দেখতে পারে। বিসিসিআই দূরদর্শিতার কোনো ছাপ রাখতে পারেনি। ক্রিকেট তার মতো করেই এগিয়ে যাবে তবে আমি আশা করবো বিসিসিআইও অবদান রাখবে।"
২০০২ সালে ইংল্যান্ড সফরের ১-১ ব্যবধানে সিরিজ ড্র করা ভারত দলকে নেতৃত্ব দেয়া সৌরভ গাঙ্গুলি বলেন, "একটা ম্যাচ তুমি হারতেই পারো। কিন্তু টানা তিন টেস্ট হারা এবং বড় স্কোর গড়তে না পারা ভাবার মতো একটি ব্যাপার। এটা কি সাময়িক কোনো ব্যাপার না শেষের শুরু? উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।"
শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ (যাদের সম্মিলিত টেস্ট রান ৩৭,৭৬৯) থাকার পরও ব্যাটিং ব্যর্থতা নিয়ে ভারতের ভাবনা আসলে কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনিল কুম্বলে। তিনি বলেন, "এই তিন জন টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলে ভারত সত্যিকারের বিপদে পড়বে। তবে এখন চ্যালেঞ্জ শীর্ষস্থান ফিরে পাওয়া নয়, এর কাছাকাছি থাকা।"
ভবিষ্যতের ভাবনা থেকে কয়েকজন তরুণ ক্রিকেটারকে এখন থেকেই গড়ে তোলার কথা বলেন তিনি। তিনি বলেন, "চার/পাঁচজন তরুণ ক্রিকেটারদের আমাদের গড়ে তুলতে হবে যারা ভবিষ্যতে দায়িত্ব নেবেন। বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রোহিত শর্মা, গৌতম গম্ভিরের মতো খেলোয়াড় আমাদের রয়েছে।"
তিনি বলেন, "এদেরকে দীর্ঘ সময় দিতে হবে। ভারত হয়ত দ্রুত আবার শীর্ষস্থানে উঠে আসবে না। কিন্তু আমরা আশা করতে পারি তরুণ ক্রিকেটাররা আমাদের শীর্ষ তিনে রাখবে এবং কয়েক বছরের মধ্যে শীর্ষস্থানে ফিরিয়ে নেবে।"
ভারতের সাবেক ব্যাটসম্যান অরুণ লাল ইংল্যান্ডের হারকে ভারতের জন্য সতর্ক সঙ্কেত হিসেবে দেখছেন। তিনি পরবর্তী সফরগুলোর জন্য আরো ভালো প্রস্তুতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "৩৫ ও ৩৮ বছর বয়সীদের দিয়ে খুব বেশি দূর যেতে পারবে না। আমাদের নতুন প্রতিভাদের কাজে লাগাতে হবে। এ ধরনের সিরিজের আগে সব চেয়ে ভালো প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সিরিজ, শীর্ষস্থান অনেক কিছুই হারিয়েছি। আমাদের জেগে উঠতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫০৮ ঘ.
bdnews24