২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজায় ফিরছে টেস্ট ক্রিকেট

নয় বছর পর টেস্ট ক্রিকেট আয়োজন করবে শারজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয় বছর পর টেস্ট ক্রিকেট আয়োজন করবে শারজা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে টেস্ট সিরিজ নিয়ে সমঝোতা হওয়ার পর শারজা এ সুযোগ পেল। তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষটি শারজায় খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। শারজা ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে সবচেয়ে বেশি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হলেও ২০০৩ সালের পর থেকে এখানে বড় দলগুলোর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আবু ধাবী ও দুবাইয়ে আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি হওয়ায় শারজায় বড় ম্যাচ হওয়ার সম্ভাবনা ক্রমশ কমে আসছে। তার পরও এবার টেস্ট আয়োজনের সুযোগ পেয়েছে তারা। আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, ৩ নভেম্বর শারজায় টেস্ট শুরু হবে। আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান দিলওয়ার মানি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, "শারজায় একটি টেস্ট খেলার ব্যাপারে নিশ্চিত করেছে পাকিস্তান। দুবাই ও আবু ধাবীসহ শারজাও শুরু থেকে ছিল আমাদের প্রস্তাবে। তবে দুই দলই শারজায় খেলার ব্যাপারে রাজি হওয়া দরকার ছিল। সেটা হওয়ায় আমরা দারুণ আনন্দিত। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের অন্য দুটি টেস্টের ভেন্যু হচ্ছে আবু ধাবীর শেখ জায়েদ স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। গত নভেম্বরে দুবাইয়ের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান টেস্ট সিরিজ খেলে। নিরপেক্ষ ও ত্রিদেশীয় সিরিজের জন্য জনপ্রিয় ভেন্যু শারজায় ভারত-পাকিস্তানের ২৪টি ম্যাচসহ ২০০টি একদিনের ম্যাচ হয়েছে। ভারত এখানে খেলা বন্ধ করে দেয়া মাঠটির জন্য বড় আঘাত হয়ে এসেছে। ভারত শারজায় ৭২টি ম্যাচ খেলেছে। ২০০২ সালে মাঠটির টেস্ট অভিষেক হয়। কিন্তু ২০০৩ সালের পর থেকে বড় দলগুলো এখানে খেলছে না। ২০১০ সালে আফগানিস্তানের 'হোম গ্রাউন্ড' হিসেবে শারজার নাম ঘোষাণা করা হয়। এখানে কানাডার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে তারা।" আরব আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে ৩টি টেস্ট, ৫টি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৩১ ঘ.