ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার পেসার শন টেইট যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল ডলফিনে।
ডারবানের দলটি বৃহস্পতিবার নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসরে দলটির হয়ে খেলবেন টেইট। আগামী বছরের ফেব্র"য়ারিতে ওই লিগ শুরু হবে।
গত কয়েক সপ্তাহ ধরেই আভাস মিলছিল ডলফিরে যোগ দিতে পারেন। এবার নিশ্চিত করেছেন, ফেব্র"য়ারি শুরু হতে যাওয়া ঘরোয়া টি-টোয়েন্টির পুরো আসরেই তাকে পাচ্ছে ডলফিন।
দলে যোগ দেয়ার পর ২৮ বছর বয়সী টেইট বলেন, "ডলফিনে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। দলকে সাফল্যোর স্বাদ পাইয়ে দিতে আমি সামনের দিকে তাকিয়ে আছি।"
গত বছর দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর থেকে এখানে খেলার জন্য মুখিয়ে আছেন টেইট। তিনি বলেন, "গত বছর চ্যাম্পিয়ন্স লিগে ডারবানে খেলেছি। এখানে বল করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার সঙ্গে এখানকার উইকেট দারুণ মানিয়ে যায়।"
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যর্থ মিশন শেষে টি-টোয়েন্টি ক্রিকেটে পূর্ণ মনযোগ দিতে একদিনের ক্রিকেটকে বিদায় জানান টেইট।
বিশ্বকাপের পর খেলেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে। চোটের কারণে রাজস্থান রয়্যালসের হয়ে বেশি খেলা হয়নি তার। খেলেন ৪ ম্যাচ নেন ৬ উইকেট।
কনুইয়ের চোটের কারণে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সারের হয়েও খেলা হয়নি তার।
টেইটকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত ডলফিন। কাওয়া-জুলু নাটাল ক্রিকেট ইউনিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসি চেলান বলেন, "টেইটকে পেয়ে আমরা সত্যিই দারুণ খুশি। তিনি বিশ্বমানের একজন ক্রিকেটার। তিনি আমারদের দলের বোলিং আক্রমণের শক্তি বাড়াবেন।"
তিনি বলেন, "টেইট একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন। এ বছর আমরা জেতার মতোই দল করেছি। সমর্থকদের তিনি আনন্দের অনেক উপলক্ষ্য এনে দিতে পারেন।"
টেইটকে পেয়ে খুশি দলের কোচ গ্রাহাম ফোর্ড। তার সঙ্গে খেলা তরুণ ক্রিকেটারদের বড় একটি অভিজ্ঞতা বলে মনে করেন তিনি।
তিনি বলেন, "দলে তাকে পাওয়া একটি দারুণ ব্যাপার। গত ১২ মাসে আমাদের তরুণ খেলোয়াড়রা বেশ উন্নতি করেছে। এবার টেইটের সঙ্গে খেললে তারা আরো অনেক কিছু শেখার সুযোগ পাবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬০৭ ঘ.
bdnews24