২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ক্রিকেটে বর্ষসেরার তালিকায় সাকিব

আইসিসির একদিনের ক্রিকেটে বর্ষসেরার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসির একদিনের ক্রিকেটে বর্ষসেরার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসি বর্ষসেরা ক্রিকেটার, একদিনের ও টেস্ট বর্ষসেরা ক্রিকেটারের তালিকা ঘোষণা করেছে। এর তিনটিতেই জায়গা পেয়েছেন জহির খান, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, শেন ওয়াটসন, জনাথন ট্রট ও গ্রায়েম সোয়ানের। তিনটি তালিকায় ছয় ক্রিকেটার জায়গা পেলেও দুটি তালিকায় স্থান পেয়েছেন ১১ জন ক্রিকেটার। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচক কমিটি দীর্ঘ তালিকা নিয়ে কাজ করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন মাইক গ্যাটিং, ড্যানি মরিসন, জহির আব্বাস ও পল এডামস। গত বছরের ১১ অগাস্ট থেকে চলতি বছরের ২ অগস্ট পর্যন্ত মেয়াদে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে প্রাথমিক তালিকা দেয়া হয়েছে। এ বছর দর্শকদের পছন্দসহ ১০টি ব্যাক্তিগত পুরস্কার থাকছে। দলীয় পুরস্কার থাকছে তিনটি। লন্ডনে ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে এসব পুরস্কার তুলে দেয়া হবে। এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, "এই পুরস্কার হচ্ছে বিশ্বকাপসহ গত এক বছরে বিভিন্ন সময়ে অসাধারণ ক্রিকেটীয় মুহূর্তগুলোকে ফিরে দেখার সুযোগ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৯ ঘ.