ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক নেয়ার দায়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে দলে ফেরাকে 'স্বস্তি' হিসেবে দেখছেন উপুল থারাঙ্গা।
শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় মঙ্গলবার।
নিষেধাজ্ঞার তিন মাসকে থারাঙ্গা তার জীবনের 'সবচেয়ে কঠিন সময়' হিসেবে অভিহিত করেন। একটি পত্রিকাকে তিনি বলেন, "নিষেধাজ্ঞার ফলে আমার মানসিক ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। এখন আমি সামনের দিকে তাকিয়ে আছি।"
থারাঙ্গা বলেন, কাঁধের চোট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভেষজ ওষুধ সেবন করেন তিনি। ওই ওষুধে নিষিদ্ধ কোনো উপাদান থাকতে পারে।
দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভুগছেন তিনি।
শ্রীলঙ্কার বিশ্বকাপ রানার্সআপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন থারাঙ্গা। গত বিশ্বকাপে ৫৬.৪২ গড়ে রান করেন ৩৯৫।
কলম্বোয় ২৯ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর মাদক পরীক্ষায় ব্যর্থ হন থারাঙ্গা। ৯ মে থেকে ৯ অগাস্ট পর্যন্ত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগের দিন থারাঙ্গা বলেন, "মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ার খবর শুনে আমি বড় ধরনের ধাক্কা খেয়েছিলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না, আসলে ঠিক কি হয়েছে।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন তিনি। বুধবার এই খেলায় করেন ৩৪ রান।
থারাঙ্গা বলেন, "দলনায়ক এবং নির্বাচকরা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ডেকেছেন। এই সিরিজে ভালো খেলাই আমার লক্ষ্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৫১ ঘ.
bdnews24