২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরেই বাংলাদেশকে নাকাল করলো জিম্বাবুয়ে

বাংলাদেশকে ১৩০ রানে হারিয়ে টেস্ট অঙ্গনে ফেরাকে স্মরণীয় করে রাখলো জিম্বাবুয়ে। প্রায় ছয় বছর স্বেচ্ছা নির্বাসনে ছিল জিম্বাবুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশকে ১৩০ রানে হারিয়ে টেস্ট অঙ্গনে ফেরাকে স্মরণীয় করে রাখলো জিম্বাবুয়ে। প্রায় ছয় বছর স্বেচ্ছা নির্বাসনে ছিল জিম্বাবুয়ে। সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে পঞ্চম দিনে ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে দ্বিতীয় পালায় বাংলাদেশ গুটিয়ে যায় ২৪৪ রানে। শেষ দিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬৩ রান, আর জিম্বাবুয়ের ৭ উইকেট। কিন্তু প্রথম সেশনেই ১১৬ রানে ৫ উইকেট তুলে নিয়ে খেলাটা নিজেদের করে নেয় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে বাকি দুই উইকেট তুলে নিতে মোটেও দেরি করেননি জিম্বাবুয়ের বোলাররা। এ জন্য এই সেশনে তাদের খেলতে হয় মাত্র ১৭ মিনিট। প্রথম বলেই কাইল জার্ভিস ফেরত পাঠান শফিউল ইসলামকে (৭)। এরপর রবিউল ইসলামকেও (১২) সাজঘরের পথ দেখিয়ে দলকে বড় জয় এনে দেন তিনি। এর আগে শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহীম। ৩ উইকেটে ১১২ রান নিয়ে দিনের খেলা শুরু করে প্রথম ঘন্টার আগেই আশরাফুলকে (৩৯) হারায় সফরকারীরা। শুরু থেকে সাবলীল ছিলেন তিনি। কিন্তু দলীয় ১৪০ রানের মাথায় ব্রায়ান ভিতোরির বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর সেই যে পথ হারিয়ে ফেলে সফরকারীরা, তা আর খুঁজে পায়নি। দলীয় ১৬৭ রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদ (১১) এবং ৭ রান পর মুশফিকুর রহীম (২৮) ও অধিনায়ক সাকিব আল হাসান (৬) সাজঘরের পথ ধরলে বাংলাদেশের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এ অবস্থায় ব্যাট হাতে জ্বলে ওঠেন আব্দুর রাজ্জাক। ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে ১৭ বলে খেলেন ৪৩ রানের 'ক্যামিও' ইনিংস। তামিম, রিয়াদ ও মুশফিকের উইকেট নিয়ে যখন টগবগ করছেন, ঠিক তখনই ক্রিস্টোরফার এমপোফুর এক ওভারে মারেন পাঁচটি চার। আর এক ওভারে রে প্রাইসকে হাওয়ায় ভাসিয়ে দড়ির ওপারে পাঠান তিনবার। দলীয় ২২৪ রানের মাথায় রাজ্জাক নামের ঝড়টি থেমে যাওয়ার পর নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। জিম্বাবুয়ের পক্ষে জার্ভিস ৪ উইকেট নেন ৬১ রানে। এর আগে জিম্বাবুয়ে প্রথম পালায় করে ৩৭০ রান। জবাবে বাংলাদেশ ২৮৭ রান করলে জিম্বাবুয়ে এগিয়ে যায় ৮৩ রানে। দ্বিতীয় পালায ৫ উইকেটে ২৯১ রান তুলে দান ছেড়ে দেয় জিম্বাবুয়ে। ফলে জেতার জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৭৫ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৫৭ ঘ.