২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের দলে দ্রাবিড়!

বিস্ময়কর হলেও সত্যি! ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি ও একদিনের দলে জায়গা পেয়েছেন রাহুল দ্রাবিড়। অথচ দু'বছর ধরে তাকে দলে নেয়ার কথা বিবেচনাই করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিস্ময়কর হলেও সত্যি! ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি ও একদিনের দলে জায়গা পেয়েছেন রাহুল দ্রাবিড়। অথচ দু'বছর ধরে তাকে দলে নেয়ার কথা বিবেচনাই করা হয়নি। এছাড়া বাদ পড়েছেন আহত দুই ক্রিকেটার হরভজন সিং ও যুবরাজ সিং। গত দশকের বেশিরভাগ সময় একদিনের দলে ছিলেন রাহুল। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দলের নেতৃত্ব দেন তিনি। ওই বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে খারাপ খেলায় বাদ পড়েন দল থেকে। এরপর ডাক পান ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। কিন্তু খেলতে পারেননি ছয় ম্যাচের বেশি। প্রতিযোগিতা থেকে আগেভাগে বিদায় নেয়ায় কপাল পোড়ে তার। এবারের বিশ্বকাপ দলে রাহুলকে নেয়ার কথা বিবেচনাই করা হয়নি। কিন্তু ভালো ব্যাটিং উপহার দিয়ে যেতে থাকেন তিনি টেস্টে। পাঁচ খেলায় শতক হাঁকান তিনটি। ট্রেন্ট ব্রিজ টেস্টে চোট পাওয়ায় দলে জায়গা না পাওয়া নিশ্চিত ছিল যুবরাজ ও হরভজনের। কেননা তাদের যথাক্রমে চার ও তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এ কথা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ ওই প্রতিযোগিতার পর থেকে একদিনের খেলায় মাঠে নামার সুযোগ পাননি। চার টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ ট্রেন্ট ব্রিজে খেলার সুযোগ পেলেও দ্বিতীয় পালায় চোট পান তিনি। প্রথম পালায় অবশ্য অর্ধশতক আদায় করে নেন তিনি। টেস্ট সিরিজে দলে থাকলেও বাদ পড়েছেন শান্তাকুমারন শ্রীশান্ত। তার বদলে দলে জায়গা পেয়েছেন বিনয় কুমার। একদিনের দলে ফিরছেন জহির খানও। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভির, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), অমিত মিশ্র, রবীচন্দ্রন অশ্বিন, জহির খান, ইশান্ত শর্মা, প্রভিন কুমার, মুনাফ প্যাটেল ও বিনয় কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৪৩ ঘ.