২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিন মোকাবেলায় তৈরি হতে বললেন হাসি

ধীরগতির উইকেটে শ্রীলঙ্কার স্পিনারদের মোকাবেলা করার জন্য দলের খেলোয়াড়দের জোর প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাইক হাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধীরগতির উইকেটে শ্রীলঙ্কার স্পিনারদের মোকাবেলা করার জন্য দলের খেলোয়াড়দের জোর প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাইক হাসি। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে শনিবার কান্ডিতে। আর তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে শুরু হবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বলতে গেলে উপমহাদেশের উইকেটের সঙ্গে বেশ ভালোভাবে পরিচিত। তারপরও স্বাগতিক দলের স্পিন-বৈচিত্রের মুখে বড় ধরনের পরীক্ষাই দিতে হবে তাদের। একদিক দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কপাল অবশ্য ভালো। কেননা শ্রীলঙ্কার পেস আক্রমণের মূল অস্ত্র লাসিথ মালিঙ্গাকে মোকাবেলা করতে হচ্ছে না তাদের। চোটের কারণে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজে দলে নেই তিনি। সম্ভাবনা আছে একদিনের সিরিজেও না থাকার। আর টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন তিনি। "উইকেট অবশ্যই হবে স্বাগতিকদের পছন্দ মতো", কলম্বোতে বলেন হাসি, "বেশিরভাগ সময় আমাদের সামাল দিতে হবে স্পিনারদেরই। তাই নজর দিতে হবে ফিল্ডারদের নাগালের বাইরে দিয়ে সীমানার ওপারে বল পাঠানো অথবা দৌড়ে এক, দুই কিংবা তিন রান নেয়ার উপর।" "একই সঙ্গে যতোটা সম্ভব সুস্থ থাকতে হবে খেলোয়াড়দের সবাইকে। প্রতি ওভারে চারবার দৌড়ে মোট আট রান নেয়ার পাশাপাশি একটি চার মারলে তো কথাই নেই," বলেন মাঝের সারির এই ব্যাটসম্যান। টি- টোয়েন্টি সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, "আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় ১৯০ রান দেখলেও শ্রীলঙ্কায় আপনারা তা দেখতে পারবেন না। দেখবেন ১৪৫ থেকে ১৫০ রান।" একে তিনি লড়াইয়ের পুঁজি বলেও অভিহিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২৫ ঘ.