২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হট স্পট নিয়ে প্রশ্ন

ব্যাটে ভ্যাসলিন মাখা থাকলে হট স্পট প্রযুক্তি একেবারে ত্র"টিমুক্তভাবে কাজ করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এর সরবরাহকারী প্রতিষ্ঠান বিবিজি স্পোর্টস দাবি করছে, এতে অসুবিধা হওয়ার কথা নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটে ভ্যাসলিন মাখা থাকলে হট স্পট প্রযুক্তি একেবারে ত্র"টিমুক্তভাবে কাজ করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এর সরবরাহকারী প্রতিষ্ঠান বিবিজি স্পোর্টস দাবি করছে, এতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে প্রতিষ্ঠানটি মঙ্গলবার এক বিবৃতিতে স্বীকার করেছে, ব্যাটে এক সেন্টিমিটার পুরু ভ্যাসলিন লাগানো থাকলে প্রযুক্তিটি একেবারে ত্র"টি-মুক্ত নাও থাকতে পারে। হট স্পট প্রযুক্তি নিয়ে বিতর্কের শুরু ট্রেন্টব্রিজ টেস্টের দ্বিতীয় দিনে। ভিভিএস লক্ষ্মণের বিপক্ষে উইকেটরক্ষকের ক্যাচের আবেদন নাকচ করে দেন আম্পায়ার আসাদ রউফ। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস এটি যাচাই করে দেখার আবেদন করেন। যদিও লক্ষ্মণ জানান বল তার ব্যাটে লাগেনি। হট স্পট ক্যামেরায় ব্যাটের উপর কোনো সাদা দাগ না পড়ায় রউফের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার বিলি বাউডেন। যদিও বাউডেন বলেন, তিনি একটা শব্দ পেয়েছিলেন। কিন্তু ওটা কোথা থেকে আসছিলো তা নিশ্চিত হতে পারেননি তিনি। তাই ওই শব্দটি তার কাছে আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করার মত যথেষ্ট মনে হয়নি। পরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার মাইকেল ভন তার টুইটারে লেখেন, "হয়তো লক্ষ্মণ তার ব্যাটের প্রান্তে ভ্যাসলিন জাতীয় কিছু ব্যবহার করেছেন। যা তাকে ব্যাটের আঁচড় লুকাতে সাহায্য করেছে।" যদিও ম্যাচ শেষে স্টুয়ার্ট ব্রড বলেছিলেন, তিনি ওই সময় লক্ষ্মণের ব্যাট পরীক্ষা করে ভ্যাসলিন জাতীয় কোনো পদার্থ পাননি। ওই ঘটনার পর ব্যাটে বাড়তি কিছুর প্রলেপ দিয়ে এলেই হট স্পট প্রযুক্তিকে প্রভাবিত করা যায় কিনা সেটা পুনরায় পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় বিবিজি স্পোর্টস। পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "গত দুইদিন ধরে আমরা এটা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, ক্রিকেট ব্যাটের কানায় ভ্যাসলিন লাগিয়ে হট স্পট প্রযুক্তির কার্যক্ষমতায় খুব একটা প্রভাব বিস্তার করা সম্ভব নয়। যদি আপনি এক সেন্টিমিটার পুরু করে ভ্যাসলিন লাগান তবে হয়তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমাদের বিশ্বাস এই কাণ্ড করা প্রায় অসম্ভব।" হট স্পটের মালিক ওয়ারেন ব্রেনান আগে বলেছিলেন, "এই প্রযুক্তি শতকরা ৯০ থেকে ৯৫ ভাগের মত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তবে উজ্জ্বল আলো বা ব্যাটের গতি কখনো কখনো হট স্পটে কিছুটা প্রভাব ফেলতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৭৪২ ঘ.