২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্মিংহামে ফিরছেন গম্ভির, ফিরতে পারেন শেবাগও

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে দলে ফিরছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির। ফিরতে পারেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে দলে ফিরছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির। ফিরতে পারেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগও। এর আগে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে নর্দান্টসের বিপক্ষে শুক্রবার শুরু হতে যাওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে গম্ভির ও শেবাগ দুজনই খেলবেন। কাঁধের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলেননি শেবাগ। আর গম্ভির প্রথম টেস্টে মাঠে নামলেও ইংল্যান্ডের দ্বিতীয় পালায় ফিল্ডিং করার সময় চোট পান। ওই কারণে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি তার। দুই টেস্টে বেশ বড় ব্যবধানে হেরে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। বার্মিংহামে ১০ অগাস্ট থেকে তৃতীয় টেস্ট শুরু হবে। সিরিজ বাঁচাতে হলে বাকি দুই টেস্ট জিততেই হবে ভারতকে। তৃতীয় টেস্টে গম্ভিরের মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্টার ক্রিকেট চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ধোনি বলেন, "তিনি পরবর্তী টেস্টের নিশ্চিতভাবে দলে থাকছেন।" আর শেবাগের বিষয়ে নিশ্চয়তা দিতে না পারলেও তাকে তৃতীয় টেস্টে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী ভারতের কোচ ডানকান ফ্লেচার। গত মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় কাঁধে চোট পান শেবাগ। অস্ত্রপচার করাতে হয়। ফলে তাকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় ভারত। ভারত ২ জুলাই ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে। শেবাগকে চোট কাটিয়ে উঠতে আরো কিছু সময় দেয়ার জন্য ওই দল থেকে তাকে বাদ দেয়া হয়। পরে দ্বিতীয় টেস্টের আগেও তিনি মাঠে নামার মত সুস্থ হয়ে উঠতে পারেননি। তবে শুধু দুই উদ্বোধনী ব্যাটসম্যানই নয় চোট সমস্যায় ভুগছে পুরো ভারতীয় দল। দলের প্রধান বোলিং অস্ত্র পেসার জহির খানও চোটের কারণে ট্রেন্টব্রিজ টেস্টে খেলেন নি। যদিও চোট নিয়েই তিনি লর্ডসে প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন। কিন্তু প্রথম দিনের পর আর বল করতে পারেন নি তিনি। ওই টেস্টে শচীন টেন্ডুলকারও চোট নিয়ে খেলেন। প্রথম টেস্ট ১৯৬ ও দ্বিতীয় টেস্ট ৩১৯ রানের বড় ব্যবধানে হেরে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট সমস্যার মাসুল বেশ কড়াভাবেই মেটাতে হলো ভারতকে। সেই সঙ্গে টেস্ট র‌্যাঙ্কিংয়ে তাদের শীর্ষস্থান ধরে রাখায়ও শঙ্কায় পড়ে গেছে। দুই বা ততোধিক ব্যবধানে সিরিজ জিতলেই ভারতকে হটিয়ে শীর্ষে উঠে যাবে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৩৩০ ঘ.