২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলর অধিনায়ক, মুতিজওয়া নেই

ব্রেন্ডন টেলরের নেতৃত্বে প্রায় ছয় বছর পর ৪ অগাস্ট হারারেতে বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্টের সিরিজ খেলবে জিম্বাবুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রেন্ডন টেলরের নেতৃত্বে প্রায় ছয় বছর পর ৪ অগাস্ট হারারেতে বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্টের সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সোমবার বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে একাদশের একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এদের মধ্যে ৬ খেলোয়াড় সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন। বিস্ময়করভাবে সেই ছয় জনের মধ্যে জায়গা পাননি অপরাজিত ৮৭ রান করে জিম্বাবুয়ে একাদশকে জয় এনে দেয়া ফরস্টার মুতিজওয়া। দলের একমাত্র নতুন মুখ বা-হাঁতি পেসার ব্রায়ান ভিতোরি। টেলরসহ দলের ৮ জনের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। ভিতোরি বাদে বাকি চারজন একদিনের পোশাক গায়ে চাপালেও প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন। হারারে স্পোটর্স ক্লাবের ঘাসে ছাওয়া সবুজ উইকেটে বাংলাদেশকে অভ্যর্থনা জানাতে পেসারদের উপর ভরসা রাখবে স্বাগতিকরা, এটা অনুমেয় ছিল। অলরাউন্ডার এল্টন চিগুম্বুরাসহ চারজন পেসারকে দলে রাখা হয়েছে। অন্য তিন পেসার হলেন কেগান মিথ, ক্রিস এমপোফু ও ব্রায়ান ভিতোরি। স্পিন আক্রমণের পুরোভাগে থাকছেন দুই অভিজ্ঞ স্পিনার প্রসপার উতসেয়া ও রেমন্ড প্রাইস। অধিনায়ক টেলর উইকেটের পেছনে দাঁড়াবেন না এটা এক রকম নিশ্চিত। উইকেটরক্ষক হিসেবে দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু। আঙ্গুলের চোট নিয়ে বিশ্বকাপের পর দলের বাইরে চলে গিয়েছিলেন তিনি। ব্যাটসম্যান হিসেবে দলে রয়েছেন রেগিস চাকাবভা, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেগ এরভিন, তিনো মায়োইয়ো ও ভুসি সিবান্দা। দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রেগিস চাকাবভা, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেগ এরভিন, তিনো মায়োইয়ো, ভুসি সিবান্দা, প্রসপার উৎসেয়া, রেমন্ড প্রাইস, তাতেন্দা তাইবু, এল্টন চিগুম্বুরা, কেগান মেথ, ক্রিস এমপোফু ও ব্রায়ান ভিতোরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২২০১ ঘ.