২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার ঢাকা ছাড়ছে একাডেমি দল

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির গেম ডেভেলপমেন্ট অপারেশন্স ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাত সাড়ে নয়টায় এমিরেটসের একটি বিমানে করে তিন সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকা যাবে একাডেমি দল। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দলের সঙ্গে দুটি চারদিনের, তিনটি একদিনের ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। এর আগে গত এপ্রিলে বাংলাদেশ সফরে আসে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দল। ওই সফরে দুটি চারদিনের, তিনটি একদিনের ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তারা। সেই সময় টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতে সফরকারীরা। চারদিনের সিরিজ শেষ হয় ১-১ সমতায়। ৬ অগাস্ট প্রথম একদিনের ম্যাচ দিয়ে জিপি-বিসিবি একাডেমি দল সফর শুরু হবে। ৭ ও ৯ অগাস্ট দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ খেলবে তারা। ১২ অগাস্ট প্রথম ও ১৮ অগাস্ট দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবে জিপি-বিসিবি ও দক্ষিণ আফ্রিকার একাডেমি দল। ২৩ অগাস্ট একই দিনে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ২৪ অগাস্ট জিপি-বিসিবি দলের দেশে ফেরার কথা রয়েছে। দল: মাহমুদুল হাসান (অধিনায়ক), আলাউদ্দিন বাবু (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, আনামুল হক (উইকেটরক্ষক), মমিনুল হক সৌরভ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, মুক্তার আলী, কাজী কামরুল ইসলাম, মাইশুকুর রহমান, মো. তাসামুল হক, আসিফ আহমেদ, শাকের আহমেদ, গাজী সোহাগ ও আল-আমিন হোসেন। স্ট্যান্ডবাই: তানভির হায়দার খান, ফজলে মাহমুদ রাব্বি, আব্দুল মাজিদ, কাজী নুরুল সোহান ও কামরুল ইসলাম রাব্বি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৫০০ ঘ.