২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাভাস্কারকে ছুঁলেন দ্রাবিড়

টেন্ট ব্রিজ টেস্টে ক্যারিয়ারের ৩৪তম শতরানে পৌঁছে স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেন্ট ব্রিজ টেস্টে ক্যারিয়ারের ৩৪তম শতরানে পৌঁছে স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। রেকর্ড বইয়ে গাভাস্কারের 'পাশে বসার' মুহূর্তটি দ্রাবিড়ের কাছে 'সত্যিই দারুণ'। তবে গাভাস্কারের সঙ্গে কোনোভাবেই নিজের তুলনা মানতে রাজি নন তিনি। "কিংবদন্তি কারো সঙ্গে কোনো কিছু ভাগ করে নিতে পারাটা সত্যিই দারুণ। যদিও গাভাস্কারের সঙ্গে আমি নিজের তুলনা করতে চাই না। ক্রিকেটে তিনি একজন কিংবদন্তি।" স্মরণীয় এই মুহূর্তে একটু যেন স্মৃতিকাতর মনে হলো দ্রাবিড়কে। "গাভাস্কার আর বিশ্বনাথ গুন্ডাপ্পা ছিলেন আমাদের ছেলেবেলার নায়ক। বাড়ির পিছনে আমি যখন ক্রিকেট খেলতাম, তখন আমার লক্ষ্যই ছিলো গাভাস্কার বা বিশ্বনাথের মতো হওয়া।" ক্রিকেটে গাভাস্কার যা করে গেছেন, সেই কীর্তি ছুঁয়ে দেওয়াটা দ্রাবিড়ের জন্য তাই দারুণ এক ঘটনা। টেস্ট শতকের সংখ্যা বিচারে ভারতে একমাত্র শচীন টেন্ডুলকারই (৫১টি শতক) দ্রাবিড়ের ওপরে। আর বিশ্ব ক্রিকেট পরিবারে এ দিক দিয়ে তার চেয়ে এগিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৪০টি) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩৯টি)। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম পালায় নিজের ৩৪তম টেস্ট শতকের দেখা পান দ্রাবিড়। ১৫টি চারে সাজানো ১১৭ রানের চমৎকার এই ইনিংস খেলতে ছয় ঘণ্টার বেশি সময় ক্রিজে থেকে ২৩৫টি বল মোকাবেলা করেন তিনি। ট্রেন্ট ব্রিজের উইকেট প্রথম দিন থেকেই পেস বোলারদের স্বর্গরাজ্যে পরিণত হয়। তাদের সুইংয়ের সামনে রীতিমত দিশেহারা ছিলেন ব্যাটসম্যানরা। ওই রকম পরিস্থিতিতে ইনিংস উদ্বোধন করতে নেমে নবম ব্যাটম্যান হিসেবে আউট হয়ে নিজের 'দ্যা ওয়াল' খেতাবটি আবারো মনে করিয়ে দেন তিনি। দ্রাবিড়ের ইনিংসের কল্যাণেই প্রথম পালায় ৬৭ রানের লিড পায় ভারত। ট্রেন্ট ব্রিজের এই 'সেঞ্চুরি'কে নিজের সেরা শতকগুলোর একটি বলেই মনে করেন ৩৮ বছর বয়সী দ্রাবিড়। "আমি খুশি। এই উইকেটে খেলা খুব কঠিন। তাছাড়া ইংল্যান্ডের বোলিংও ভালো হচ্ছিল। সারাদিনই বল সুইং করেছে। আমি শুধু অবিচল থেকে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/জেকে/২১১১ ঘ.