ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ স্বেচ্ছা নির্বাসনের পর পূর্ণ প্রস্তুতি নিয়েই টেস্ট অঙ্গনে ফিরছে জিম্বাবুয়ে। এমনটাই বিশ্বাস দেশটির জাতীয় নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেলের।
দলের খেলোয়াড়রাও এই চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ক্যাম্পবেল।
বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে একমাত্র টেস্ট দিয়ে ছয় বছরের স্বেচ্ছা নির্বাসন ভেঙ্গে টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে ৪ অগাস্ট।
ক্যাম্পবেল বলেন, "আমাদের খেলোয়াড়রা কিছুটা অস্বস্তিতে ভুগবে। কারণ সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আমরা আছি। সবাই দেখতে চাইবে আমরা কেমন খেলি। আশা করি খেলোয়াড়রা তাদের উপর প্রত্যাশার বিষয়টি বুঝতে পারবে এবং ভালো করার চেষ্টা করবে।"
"চাপের মধ্যেও মানসিক দৃঢ়তা ধরে রাখা একজন পেশাদার খেলোয়াড়ের জন্য জরুরি। এই ক্ষেত্রে আমরা উন্নতি করছি। আমার বিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে আমরা যত বেশি খেলবো ততো বেশি উন্নতি করতে পারবো", যোগ করেন ক্যাম্পবেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৯ ঘ.
bdnews24