২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতা কাটানোর চেষ্টা বোলারদের

প্রথম পালায় ১৮৮ রানে গুটিয়ে গেলেও প্রস্তুতি ম্যাচে বোলিং অনুশীলনটা ভালোই হলো বাংলাদেশের। দিনের শেষে জিম্বাবুয়ে একাদশের স্কোরবোর্ডে ৪২ রান জমা দিলেও চার উইকেট তুলে নিয়েছে সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম পালায় ১৮৮ রানে গুটিয়ে গেলেও প্রস্তুতি ম্যাচে বোলিং অনুশীলনটা ভালোই হলো বাংলাদেশের। দিনের শেষে জিম্বাবুয়ে একাদশের স্কোরবোর্ডে ৪২ রান জমা দিলেও চার উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার দিনের শুরুটা কিন্তু শেষের মতো এতটা মধুর ছিল না বাংলাদেশের জন্য। মুশফিকুর রহীম, তরুণ নাসির হোসেন ও মাহমুদুল্লাহ'র ব্যাট ছাড়া প্রতিষ্ঠিত সব ব্যাটসম্যানই ব্যর্থ। তাই টস জিতে সাকিবের ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা বুমেরাং হয়ে যায়। বাংলাদেশের প্রথম পালা থামে ১৮৮ রানে। অথচ এই সংগ্রহও এক সময় অসম্ভব লাগছিল! ৩১ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ তখন রীতিমতো অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় কাঁপছে। মুশফিকের অর্ধশতকে (৬৪) শেষ পর্যন্ত দেড়শ'র ঘর পার করে। আর শেষ দিকে শফিউল ইসলামের ১৩ বলে ১৬ রান স্কোরকে 'প্রায় দুইশ' বানিয়ে দেয়। মাহমুদুল্লাহ ও নাসিরের সঙ্গে ষষ্ঠ ও সপ্তম উইকেট জুটিতে যথাক্রমে ৩৬ ও ৭২ রানের তুলে দলকে লজ্জাজনক স্কোরের হাত থেকে রক্ষা করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। ৬৪ রানের ইনিংসে মুশফিক চার হাঁকান ৮টি। ৩৮ রান করা নাসির ঠিকই তার জাত চিনিয়েছেন। আর বিপদের মাঝে মাহমুদুল্লাহ'র ৬৪ বলে ২১ রানের ইনিংসটিও প্রশংসার দাবী রাখে। তারপরও ১৮৮ রানের গুটিয়ে যাওয়া এক অর্থে 'লজ্জা'ই। সেই ব্যাটিং 'লজ্জা' বোলিং দিয়ে ঢাকতে নিজেদের সেরাটা ঢেলে দেয় বাংলাদেশ পেসাররা। ১৭ রানে জিম্বাবুয়ে একাদশের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে দুঃখের মাঝে কিছু আনন্দের উপলক্ষ্য এনে দেন দুই পেসার শফিউল ও রবিউল ইসলাম। তবে প্রকৃত আনন্দ উদযাপনের জন্য দিনের শেষ অংশই বেছে নেয় বাংলাদেশ। খেলা শেষ হওয়ার চার ওভার আগে নাজমুলের থ্রোতে তাতেন্দা তাইবু (৮) রান আউট হন। তার পরের ওভারে রেগিস চাকাবভাকে (১৭) মুশফিকুরের তালুবন্দি করে শেষ আঘাতটা দেন শফিউল। জিম্বাবুয়ে একাদশের রান তখন ৩৯। দিনের বাকি ২১ বল কোনোমতে কাটিয়ে পার করেন ক্রেইগ আরভিন ও ফস্টার মুতিজওয়া। দলীয় ৩৯ রানের সঙ্গে আর যোগ হয় মাত্র তিন রান। বাংলাদেশের স্কোকার্ডের দিকে চোখ পড়লে কিছুটা লজ্জাই লাগবে। উপরের সারির ছয় ব্যাটসম্যানের মধ্যে চারজনই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। এর মধ্যে জুনায়েদ সিদ্দীক, মোহাম্মদ আশরাফুল ও অধিনায়ক সাকিব-আল-হাসান কোনো রান না করেই সাজঘরে ফেরেন। ইমরুল কায়েস করেন ৮ রান। আর শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে আসে ১০ রান। জিম্বাবুয়ে একাদশের পক্ষে জাবুলো এনকুবে ৩টি ও কেগান মিথ, কাইল জারভিস ও প্রসপার উতসেয়া ২টি করে উইকেট লাভ করেন। কুঁচকির চোটের কারণে তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচে খেলছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/২২৩৪ ঘ.