২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভির বাদ, দলে শ্রীশান্ত ও যুবরাজ

ট্রেন্ট ব্রিজ টেস্টে কোনো ঝুঁকি নেয়নি ভারত। মাঠে নেমেছে খেলার মতো পুরো সুস্থ খেলোয়াড়দের নিয়ে। আহত জহির খান ও গৌতম গম্ভিরকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে শান্তাকুমারন শ্রীশান্ত ও যুবরাজ সিংকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রেন্ট ব্রিজ টেস্টে কোনো ঝুঁকি নেয়নি ভারত। মাঠে নেমেছে খেলার মতো পুরো সুস্থ খেলোয়াড়দের নিয়ে। আহত জহির খান ও গৌতম গম্ভিরকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে শান্তাকুমারন শ্রীশান্ত ও যুবরাজ সিংকে। ইংল্যান্ড দলেও পরিবর্তন আনা হয়েছে একটি। লর্ডস টেস্টে হ্যামস্ট্র্রিংয়ে চোট পাওয়ায় পেসার ক্রিস ট্রেমলেটকে বাদ দিয়ে দলে নেয়া হয় টিম ব্রেসন্যানকে। লর্ডসে ট্রেমলেটের বাউন্সারের সামনে রীতিমতো নাজেহাল হতে হয় ভারতের ব্যাটসম্যানদের। খেলায় ১৯৬ রানে জেতে ইংল্যান্ড। ফলে চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দলটি। লর্ডস টেস্টের আগে পুরো সুস্থ ছিলেন না জহির। তারপরও তাকে মাঠে নামান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু প্রথম দিনে তিন ঘণ্টা যেতে না যেতেই তার হ্যামস্ট্রিংয়ে চোট গুরুতর আকার নেয়। ফলে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। ফলে বোলার সঙ্কটে পড়েন ভারত অধিনায়ক। এ কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ভারতের হারের জন্য অনেকেই দায়ী করছেন ধোনির সিদ্ধান্তকে। লর্ডস টেস্টের সময় ভাইরাস জ্বরে আক্রন্ত হন শচীন টেন্ডুলকার। ট্রেন্ট ব্রিজ টেস্টের আগে তিনি নিজেকে সুস্থ ঘোষণা করলে তার খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে যায়। তবে গম্ভিরের জন্য অপেক্ষা করতে হয় খেলার দিন (শুক্রবার) সকাল পর্যন্ত। শেষ পর্যন্ত অবশ্য তাকে নিয়ে আর কোনো ঝুঁকি নেয়নি ভারত। গম্ভিরের জায়গায় খেলবেন অভিনব মুকুন্দ। 'মিডল অর্ডারে' ব্যাট হাতে দেখা যাবে যুবরাজকে। প্রায় একবছর পর টেস্ট খেলার সুযোগ পেলেন এবারের বিশ্বকাপ জয়ের নায়কদের একজন যুবরাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭১৬ ঘ.