২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে তিন নতুন মুখ

জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলে নেয়া হয়েছে তিন নতুন মুখ রমিজ রাজা, ইয়াসির আরাফাত ও আইজাজ চিমাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলে নেয়া হয়েছে তিন নতুন মুখ রমিজ রাজা, ইয়াসির আরাফাত ও আইজাজ চিমাকে। এছাড়া দলে ফিরেছেন ইমরান ফারহাত ও সোহেল তানভির। মূলত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার দেয়া হয় ব্যাটসম্যান রমিজ, লেগ-স্পিনার ইয়াসির ও সিমার চিমাকে। ধারণা করা হচ্ছে, বিশেষ করে বোলিং আক্রমণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে পাকিস্তান। কেননা বিশ্রাম দেয়া হয়েছে তিন মূল বোলার উমর গুল, তানভির হায়দার ও ওয়াহাব রিয়াজকে। তাদের বদলে পেস আক্রমণ গড়ে তোলা হয়েছে সোহেল খান, সোহেল তানভির, চিমা ও জুনায়েদ খানকে নিয়ে। স্পিন আক্রমণে বিশ্রাম দেয়া হয়েছে আব্দুর রেহমানকে। সুযোগ দেয়া হয়েছে ইয়াসিরকে। ২০১০ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজের পর থেকে দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান ফারহাত। আর এ বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে দলে ছিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার সোহেল তানভির। এরপরই বাদ পড়েন তিনি দল থেকে। জিম্বাবুয়ে সফরে পাকিস্তান একটি টেস্ট, তিনটি একদিনের ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বুলাওয়েতে ১ সেপ্টেম্বর টেস্ট শুরু হওয়ার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, ইমরান ফারহাত, আজহার আলি, ইউনুস খান, আসাদ শফিক, উমর আকমল, রমিজ রাজা, আদনান আকমল (উইকেটরক্ষক), সাঈদ আজমল, ইয়াসির শাহ, সোহেল তানভির, সোহেল খান, জুনায়েদ খান ও আইজাজ চিমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৩২ ঘ.