ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের মধ্যে থাকলেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এক ধাপ নিচে নেমে গেছেন। আর শীর্ষ ২০ ব্যাটসম্যানের মধ্যে থাকলেও দুই ধাপ নেমে গেছেন তার সহকারী তামিম ইকবাল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোলারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাকিব এখন আছেন আট নম্বরে। তার পয়েন্ট ৬৪৮। এর আগের র্যাঙ্কিংয়ে ৬৫০ পয়েন্ট নিয়ে সাকিব ছিলেন সাত নম্বরে।
সহ-অধিনায়ক তামিম ইকবাল এখন আছেন ১৯ নম্বর। তার পয়েন্ট ৭০৭। এর আগের র্যাঙ্কিংয়ে একই পয়েন্ট নিয়ে তিনি ছিলেন ১৭ নম্বরে।
এদিকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শচীন টেন্ডুলকার (চতুর্থ) ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে (তৃতীয়) টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জনাথন ট্রট। বোলারদের র্যাঙ্কিংয়ে জেমস অ্যান্ডারসনও উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
নিজের দেশের গ্রায়েম সোয়ানকে সরিয়ে দ্বিতীয় স্থান দখল করেন অ্যান্ডারসন। এর আগে র্যাঙ্কিংয়ের এতটা উপড়ে তিনি কখনোই জায়গা করে নিতে পারেননি। সেই সঙ্গে প্রথমবারের মতো তিনি পৌঁছলেন ৮০০ পয়েন্টের ঘরে।
ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে অপরাজিত ২০২ রান করে কেভিন পিটারসেন আবারো শীর্ষ ২০ ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি আছেন ১৫ নম্বরে।
ভারতের দু'জন বোলার রয়েছেন শীর্ষ দশে। জহির আছেন পাঁচ নম্বরে। আর সাত নম্বরে ইশান্ত শর্মা।
ব্যাটসম্যানদের তালিকায় ভিভিএস লক্ষ্মণ আছেন সাত নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩৩৭ ঘ.
bdnews24