ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে ভালো করতে হলে বোলারদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
একই সঙ্গে তিনি বলেন, একাদশে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছেন তিনি।
জিম্বাবুয়ের পথে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের বলেন, " স্পিনার বা পেসারদের আলাদাভাবে দেখছি না। কাউকে এগিয়ে বা পিছিয়েও রাখছি না। টেস্টে জিততে হলে বোলারদের ২০ উইকেট নিতে হবে। তাই বোলারদের সবাইকে সেরাটা ঢেলে দিতে হবে।"
জিম্বাবুয়ের পরিবেশের (কন্ডিশন) সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে উল্লেখ করে অধিনায়ক বলেন, কেননা টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সফরের শুরুতেই টেস্ট থাকায় ভালো হয়েছে বলে মনে করছেন সাকিব। কিন্তু তিনি এর কারণ ব্যাখ্যা করেননি।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৪ অগাস্ট টেস্ট শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা শুরু হবে ৩০ জুলাই, একই মাঠে।
১৪ মাস পর কেন একটি মাত্র টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ? এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, "এর উত্তর 'ম্যানেজমেন্টই' ভালো দিতে পারবে। হয়তো ছয় বছর পর খেলছে বলে জিম্বাবুয়ে দু'টি টেস্ট খেলতে চায়নি।"
টেস্টে ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক। তিনি বলেন, "কেননা এক পালায় ভালো না করলে পরের পালায় ভালো করার সুযোগ রয়েছে।"
দলে খুব বেশি পরিবর্তন না আনার ব্যাপারে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, "নতুন কোচ দলকে দেখেছেন মাত্র এক সপ্তাহ। তাই মনে হয় না একাদশে খুব একটা পরিবর্তন আনবেন কোচ।"
২০০৯ সালে দলের লাগাম হাতে নিয়ে আট টেস্টের সাতটিতে হেরেছেন সাকিব। জিতেছেন ১টিতে। আর ৪২টি একদিনের খেলায় জিতেছেন ২০টিতে। হেরেছেন ২২টিতে।
সফরে একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/টিআর/১৭৫৫ ঘ.
bdnews24