২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ছাড়ছে বুধবার

একটি টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলার জন্য বুধবার সকালে ঢাকা ছেড়ে যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে পৌঁছানোর কথা পর দিন ২৮ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলার জন্য বুধবার সকালে ঢাকা ছেড়ে যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে পৌঁছানোর কথা পর দিন ২৮ জুলাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯ টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে দলের ঢাকা ছাড়ার কথা। নতুন কোচ স্টুয়ার্ট লয়ের অধীনে এটাই হবে বাংলাদেশের প্রথম সিরিজ। জিম্বাবুয়ে পৌঁছে বাংলাদেশ দল বিশ্রাম নেবে ২৯ জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৪ অগাস্ট টেস্ট শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা শুরু হবে ৩০ জুলাই, একই মাঠে। বাংলাদেশ ১৪ মাস পর এই প্রথম টেস্ট খেলতে যাচ্ছে। আর এই টেস্টের মধ্য দিয়ে ৬ বছর পর স্বেচ্ছা নির্বাসন থেকে টেস্ট অঙ্গনে ফিরে আসছে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ১২ অগাস্ট, হারারে স্পোর্টস ক্লাব মাঠে। দ্বিতীয় ও তৃতীয় খেলাও হবে একই মাঠে, ১৪ ও ১৬ অগাস্ট। প্রথম ও তৃতীয় খেলাটি হবে দিন-রাতের। চতুর্থ ও পঞ্চম একদিনের খেলা হবে যথাক্রমে ১৯ ও ২১ অগাস্ট বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ দলের ২২ অগাস্ট দেশে ফেরার কথা। বাংলাদেশ জিম্বাবুয়ের মাঠিতে শেষ টেস্ট খেলে ২০০৪ সালে। দুই ম্যাচের সিরিজে সফরকারীরা হার মানে ১-০ ব্যবধানে। ২০০৯ সালে জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলে বাংলাদেশ। সফরকারীরা সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, রবিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী (উইকেটরক্ষক) ও নাসির হোসেন। স্ট্যান্ড বাই: নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, অলক কাপালী, সৈয়দ রাসেল ও সগির হোসেন (উইকেটরক্ষক)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩২ ঘ.