২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরাই এগিয়ে: সাকিব

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সফরপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, "নিজেদের পরিবেশে (কন্ডিশন) জিম্বাবুয়ের বিপক্ষে খেলা কঠিন। তারপরও সব মিলিয়ে আমরা একটু হলেও এগিয়ে আছি।" ১৪ মাস পর টেস্ট খেলাকে বেশ 'চ্যালেঞ্জিং' মানছেন সাকিব। তিনি বলেন, "অনেক দিনের বিরতির পর টেস্ট খেলা বেশ 'চ্যালেঞ্জিং'। যদিও একটি টেস্ট খেলবো তারপরও চ্যালেঞ্জ থাকছেই।" টেস্ট খেলার আগে নিজেদের মানসিক প্রস্তুতি পরিবর্তনের প্রয়োজনীতা অনুভব করছেন সাকিব, "খেলা অনুযায়ী মানসিকতা পাল্টাতে হয়। তবে টেস্টের মানসিকতা আনা কঠিন হবে না। সফরে একটি প্রস্তুতি ম্যাচ আছে। ওটা খেললেই টেস্টে খেলাটা অনেকাংশে সহজ হবে।" প্রায় ৬ বছর পর স্বেচ্ছা নির্বাসন থেকে ফেরা জিম্বাবুয়ে ভালো প্রস্তুতি নিয়েছে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকা 'এ' এবং অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে তারা। দুটি চারদিনের ম্যাচও খেলেছে। তাদের অনুশীলন ও প্রস্তুতি দুটোই ভালো হয়েছে। ভালো কিছু করতে হলে আমাদের সেরাটা খেলতে হবে।" জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে অনেক সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এবার সিরিজ শুরু হচ্ছে টেস্ট দিয়ে । এবারও শুরুটাও কি তাহলে হার দিয়ে হবে? সাকিব জানালেন তার রণকৌশলে এ নিয়ে কোনো ভাবনাই নেই, "এসব নিয়ে ভাবছি না। ভালো খেলার জন্য সবাই মুখিয়ে আছে।" টেস্টে নিজেকে দলের প্রধান স্পিন ভরসা মানতে নারাজ সাকিব। নিজের চেয়ে রাজ্জাকের ওপর ভরসা বেশি বলে জানালেন, "আব্দুর রাজ্জাক এক বছর ধরে খুবই ভালো বল করছেন। উনি যদি খেলেন, আমি মনে করি ভালো করবেন।" তবে জিম্বাবুয়ে সফরে স্পিনারদের চেয়ে পেসারদের দিকেই সাকিবের মনোযোগটা বেশি, "মনে হয় না জিম্বাবুয়েতে স্পিনাররা তেমন কোনো সুবিধা পাবেন। সেখানের উইকেট থেকে পেসাররা সুবিধা পেতে পারেন।" চোটের কারণে দলের বাইরে থাকা শাহাদাত হোসেন রাজীবের অভাব অনুভব করবেন বলে জানান সাকিব, "আমি মনে করি রাজীব যতদিন খেলছেন তিনিই সেরা টেস্ট বোলার। তার না থাকাটাই সবচেয়ে বড় ক্ষতি। তার অভাব অনুভব করবো।" প্রস্তুতি ম্যাচের ব্যাটিং নিয়ে খুব একটা ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক, "প্রস্তুতি ম্যাচে অনেক ব্যাটসম্যানই রান পেয়েছেন। আশা করছি কোনো সমস্যা হবে না। তবে প্রস্তুতি ম্যাচে রান কতটা করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়। ব্যাটিং নিয়ে কী ভাবছেন সেটাই গুরুত্বপূর্ণ।" এতো দিন টেস্টে ৪ নম্বরে রকিবুল হাসান ব্যাট করতেন। এবার দলে জায়গা পাননি। চার নম্বরে কে ব্যাট করবেন সে প্রশ্নের উত্তরে নির্দিষ্ট কারো নাম বলেন নি সাকিব, "রকিবুল হাসানের বদলে যিনি এসেছেন আশা করি তিনিও ভালো করবেন। চার নম্বর জায়গাটা কাকে দেয়া যায় তা জিম্বাবুয়ে গিয়ে ঠিক করবো।" নিজের ব্যাটিং নিয়ে সাকিবের ভাবনা, "অনেক দিন বিরতি গেল। তবে বল ভালো দেখছি। 'কনফিডেন্স' আছে ভালো করবো।" "আমাদের সবচেয়ে বড় সমস্যা অধারাবাহিকতা। তবে উন্নতি করার চেষ্টা আছে। টেস্টে এক পালা ভালো হলে অন্য পালা ভালো হয় না। নিজেরা ব্যাট করলে বড় সংগ্রহ গড়াই আমাদের মূল লক্ষ্য থাকবে। আর তারা (জিম্বাবুয়ে) ব্যাটিংয়ে নামলে দ্রুত ফিরিয়ে দেয়ার চেষ্টা করবো।" অধিনায়কত্ব সব সময়ই চ্যালেঞ্জিং লাগে সাকিবের কাছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "টেস্টের সিদ্ধান্তগুলো অনেক বড় হয়। একটা সিদ্ধান্ত একটা ইনিংসকে যেমন শেষ করে দিতে পারে আবার একটা ইনিংসকে বাঁচিয়েও দিতে পারে।" কাউন্টি খেলে দেশে ফেরার পর নানা বিতর্কে জড়িয়ে পড়েন সাকিব। সব ঝামেলার সমাধান হয়েছে। মাঠের বাইরে আরো দায়িত্বশীল হওয়ার বিষয়টা সাকিব নিজেও অনুভব করেছেন। জিম্বাবুয়েতে তাই দেখা যেতে পারে নতুন সাকিবকে। সে পরিবর্তনের আভাসটা দিলেন নিজেই, "পরিবর্তনের সুযোগ সবসময়ই থাকে। তবে পরিবর্তনটা কখন করবেন তা আপনার ব্যাপার। আমি মনে করি এই সফর আমার জন্য একটা বড় সুযোগ। আশা করছি, এখানে নিজেকে প্রমাণ করতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৪৪ ঘ.