২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরিজ কঠিন হবে'

জিম্বাবুয়ে সফর সহজ হবে না বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। তিনি বলেন, জিম্বাবুয়ের পরিবেশে (কন্ডিশন) টেস্ট খেলা যে কোনো দলের জন্য কঠিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 01:50 PM

Updated : 07 Jul 2022, 08:58 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফর সহজ হবে না বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। তিনি বলেন, জিম্বাবুয়ের পরিবেশে (কন্ডিশন) টেস্ট খেলা যে কোনো দলের জন্য কঠিন।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সফর পূর্ব সংবাদ সম্মেলনে স্টুয়ার্ট বলেন, "জিম্বাবুয়ে এখন শক্ত প্রতিপক্ষ। দেশটির ক্রিকেটের সমস্যা মাঠে নয়, ছিল মাঠের বাইরে। তারা এবার আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট) ফিরছে প্রস্তুতি নিয়েই।"

জিম্বাবুয়ের 'কন্ডিশন' উপমহাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বলে উল্লেখ করে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার বলেন, "সকালে বেশ ঠাণ্ডা পড়ে। বাংলাদেশের শক্তি ও দুর্বলতার কথা মাথায় রেখে এবার সম্ভবত পেস-সহায়ক উইকেট বানাবে। অবশ্য হারারের উইকেট এমনিতেই সবুজ।"

"জিম্বাবুয়েতে সম্ভবত বেশিরভাগ সময় বল করতে হবে পেসারদের। এ মুহূর্তে দলের সব পেসারই খেলার মতো পুরোপুরি সুস্থ আছেন," বলেন শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন সাবেক কোচ। এ জন্য তিনি প্রশংসা করেন ট্রেনার গ্রান্ট লুডেনের।

জিততে হলে বাংলাদেশকে ভালো খেলতে হবে বলে মনে করছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, "জিম্বাবুয়েতে শনিবার থেকে আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলবো।" এটিকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টেস্টের মধ্য দিয়ে স্বেচ্ছা নির্বাসন থেকে ছয় বছর পর টেস্ট অঙ্গনে ফিরছে জিম্বাবুয়ে। খেলা শুরু হবে হারারেতে ৪ অগাস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১৮ ঘ.