ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে দ্বিতীয় পালায় রান তুলতে লড়াই করতে হচ্ছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। চতুর্থদিন মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত রান তুলেছে ৫ উইকেটে ৭২। তারপরও এগিয়ে আছে ২৬০ রানে।
এক প্রান্তে উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাট প্রায়র ব্যাট করছেন ৫ রান নিয়ে। অন্য প্রান্তে ইয়ন মর্গানও অপরাজিত রয়েছেন ৫ রানে।
লর্ডসে প্রথম পালায় ইংল্যান্ড ৮ উইকেটে ৪৭৪ রান করে দান ছেড়ে দেয়। জবাবে ভারত করে ২৮৬।
বিনা উইকেটে ৫ রান নিয়ে রোববার দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। চোটের কারণে জহির খান বল করতে না পারলেও জ্বলে ওঠেন ইশান্ত শর্মা। তার মারাত্মক বোলিংয়ের মুখে মোটেও সুবিধা করতে পরেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা, অন্তত সকালের সেশনে। পাঁচটি উইকেটের তিনটিই নেন তিনি।
আগের দিনের অপরজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক (১ রান) হিসেবের খাতা খোলার পরপর বিদায় নেন পেসার প্রভিন কুমারের বলে উইকেটের পেছনে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়ে।
আরেক অপরাজিত ব্যাটসম্যান ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস তার আগের দিনের ৩ রানের সঙ্গে যোগ করেন ২৯। দলীয় ৫৪ রানের মাথায় স্পিনার হরভজন সিংয়ের বলটি ঠিক মতো বুঝতে পারেননি স্ট্রাউস। ব্যাটকে ফাঁকি দিয়ে বল আঘাত হানে তার প্যাডে। সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে দেন আম্পায়ার।
এরপরই হোঁচট খায় ইংল্যান্ড। দলের সঙ্গে ৮ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন কেভিন পিটারসেন (১), ইয়ান বেল (০) ও জনাথন ট্রট (২২)।
প্রথম পালায় উইকেট না পেলেও মধ্যাহ্ন-বিরতির আগে উইকেটে রীতিমতো আগুন ঝরান ইশান্ত শর্মা। এ সময় ৫ ওভার বল করে ৩ উইকেট নেন ৪ রানে। এর মধ্যে মেইডেন ছিল ৩ ওভার।
ইংল্যান্ডের প্রথম পালায় কেভিন পিটারসেন করেন অপরাজিত ২০২ রান। আর ভারতের পক্ষে শতক (১০৩) হাঁকান রাহুল দ্রাবিড়। এছাড়া প্রভিন কুমার ৫ উইকেট নেন ১০৬ রানে।
বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি।
এটি দুই দেশের মধ্যে শততম টেস্ট। আর টেস্ট ইতিহাসের ২০০০ তম।
চার টেস্টের সিরিজের দ্বিতীয়টি নটিংহ্যামে শুরু হবে ২৯ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০০৬ ঘ.
bdnews24