ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাউন্টিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে এলেও অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালের টেস্টে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করেন প্রধান নির্বাচক আকরাম খান।
শুক্রবার জাতীয় দল ও জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির মধ্যকার প্রস্তুতি ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের তিনি বলেন, "সাকিব ও তামিম টেস্টে মানিয়ে নেবে বলে আশা করছি। দুজনই খেলার মধ্যে আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়।"
সাকিব টানা খেলার মধ্যে আছেন বলে তার বিশ্রাম দরকার বলে মনে করেন আকরাম। তিনি বলেন, "সাকিব একটানা খেলে চলেছে। গত দুই-আড়াই বছরে সে ভাবে বিশ্রাম পায়নি। তাই ক্রিকেট অপারেশন্স থেকে ছুটি নিয়েছেন।"
কাউন্টিতে খেলার সময় তামিম ইকবাল কুঁচকিতে চোট পান। তবে শিগগির তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী প্রধান নির্বাচক। এ ব্যাপারে আকরাম বলেন, "তামিম চোটে ভুগছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।"
প্রস্তুতি যা হচ্ছে তাতে পুরোপুরি সন্তুষ্ট নন আকরাম, "জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিতে হলে শুধু ব্যাটিং করলেই তো হবে না। পাশাপাশি বোলিং-ফিল্ডিংও করতে হবে। তিনটাই দরকার। তবে আবহাওয়ার কারণে পুরোটা হচ্ছে না।"
বৃষ্টির বাধার মধ্যেও জাতীয় দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট হয়েছেন আকরাম। তিনি বলেন, "ভালো ব্যাটিং করছে, ভালো লাগছে।"
জিম্বাবুয়েতে আরো একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই দেখছেন প্রধান নির্বাচক, "জিম্বাবুয়েতে আরো একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেটিতে ভালো করলে টেস্টে বেশ প্রস্তুত হয়ে নামবে বাংলাদেশ।"
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুর আহমেদের সঙ্গে তিন নির্বাচক ও অধিনায়ক-সহঅধিনায়কের মধ্যকার বৈঠকের ব্যাপারে কিছু বলতে রাজি হননি আকরাম। তিনি বলেন, "ওই সভার ব্যাপারে কিছু বলতে পারবো না। যা বলার সব সিইও বলবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১১৫ ঘ.
bdnews24