২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে'

অধিনায়ক সাকিব আল হাসান ও নির্বাচকদের মধ্যে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মনজুর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক সাকিব আল হাসান ও নির্বাচকদের মধ্যে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মনজুর আহমেদ। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার মনজুর নিজের কক্ষে তিন নির্বাচক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন এবং অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা পুরো বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছি। কোথায় গলদ বা সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, এ ধরনের ঘটনা আর ঘটবে না।" দেশের ক্রিকেটের জন্য এ ধরনের ঘটনা সুফল বয়ে আনবে না বলে মনে করেন তিনি। "দল নির্বাচনের সময় নির্বাচকরা আমার মতামত নেননি," অধিনায়কের এই মন্তব্যের পর নির্বাচকদের সঙ্গে তার বিরোধ নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক লেখালেখি হয়। শুধু সমস্যা নিয়ে নয়, আলোচনা হয়েছে উন্নতির উপায় নিয়েও। এ প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেন, "কি করে আরো ভালো খেলা যায় তা নিয়ে কথা-বার্তা হয়েছে। দেশের ভাবমূর্তি জোরদার করাই আমাদের লক্ষ্য।" বিভিন্ন প্রচার মাধ্যমে নির্বাচকদের সঙ্গে সাকিবের বিরোধ সম্পর্কে তিনি বলেন, "কাজ করলে ভুল হতেই পারে। তবে তা নিয়ে আমরা পড়ে থাকতে চাই না। আমরা সামনের দিকে তাকাতে চাই। যা হয়েছে তা 'কমিউনিকেশন গ্যাপ'র জন্যই হয়েছে।" যার যা কাজ সেদিকেই তার নজর দেয়া উচিত বলে মনে করেন তিনি। মনজুর বলেন, "ঘটনাটি এখন অতীত। তবে 'মিস কমিউনিকেশন' না হলে ঘটনাটি ঘটতো না।" তবে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই বলে উল্লেখ করে তিনি বলেন, পুরনো বিষয়গুলো ভুলে যাওয়াই ভালো। এগুলো আকড়ে থাকলে এগুনো যায় না।" একবাক্যে পুরো ঘটনাটি তিনি ঠিক এভাবে তুলে ধরেন, "ভুল বোঝাবুঝি নয়, 'মিস-কমিউনিকেশন এবং মিস-রিপ্রেজেন্টেশন'।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০২৬ ঘ.