ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দল ও জিপি-বিসিবি একাডেমি দলের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও পড়েছে বৃষ্টির কবলে।
বৃহস্পতিবার জাতীয় দল মোটে একবার ওভার ব্যাট করার পর বৃষ্টি নামলে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন আর খেলা সম্ভব হয়নি।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয় নি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার জাতীয় দলের সহকারী কোচ সারোয়ার ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃষ্টির কারণে আজ ১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। কাল এখান থেকেই খেলা শুরু হবে। কাল প্রথম দিন হিসেবে গণ্য হবে এবং পরের দিন দ্বিতীয় দিন হিসেবে গণ্য হবে।"
কাল থেকে খেলা শুরু হলেও দলে কোনো পরিবর্তন আসছে না বলে জানান তিনি। ১৩ জনের দলে আসছেন না অধিনায়ক সাকিব আর হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, "ম্যাচের জন্য ১৩ জনের যে দল দেয়া হয়েছিল তারাই খেলবেন। কোনো পরিবর্তন আসছে না।"
সাকিব ও তামিম ইংল্যান্ডে খেলার মধ্যে ছিলেন তবে সেটা টি-টোয়েন্টি ক্রিকেট। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের মূল নজর টেস্টের দিকে। এখানে প্রস্তুতি ম্যাচ না খেলে জিম্বাবুয়েতে তাদের মানিয়ে নেয়ার সমস্যা হবে কী না?
এ প্রশ্নের জবাবে সারোয়ার বলেন, "এটা একটা 'পয়েন্ট'। তবে তামিমের কুঁচকিতে সমস্যা আছে। সুস্থ হতে তার আরো পাঁচ-ছয় দিন সময় লাগবে। এটা নিয়ে খেললে সমস্যা আরো বাড়তে পারে। আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। আর সাকিব টানা খেলছে। তার বিশ্রাম বেশি জরুরি। ক্রিকেট অপারেশন্স থেকে ছুটি নিয়ে বিশ্রাম নিচ্ছেন তিনি।"
বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ এবং সেন্টার উইকেটে ব্যাটিং করতে বেশ সমস্যা হলেও জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট তিনি। বলেন, "যদি উপায় না থাকে কী আর করা। যা আছে তার সর্বোচ্চ ব্যবহার করে আমরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। শের-ই-বাংলা স্টেডিয়াম ছিল প্রস্তুতি নেয়ার সবচেয়ে ভালো জায়গা। বৃষ্টির কারণে খেলায় সমস্যা হচ্ছে না। তবে প্রস্তুতি যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২২১১ ঘ.
bdnews24