ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের আরো বেশি টেস্ট খেলা উচিত বলে মনে করেন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।
জিম্বাবুয়ের বিপক্ষে ৪ অগাস্ট শুরু হতে যাওয়া টেস্ট নিয়ে কথা বলতে নিয়ে কিছুটা হতাশা ঝরেছে আশরাফুলের কন্ঠে, "বাশার ভাইয়ের সময়েও একবার ১৪ মাসের ব্যবধানে আমরা টেস্ট খেলেছিলাম। এবারও তাই হতে যাচ্ছে। ১৪ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামবো আমরা। অবশ্য এই বছর আরো পাঁচটি টেস্ট রয়েছে। টেস্ট মর্যাদা পাওয়ার পর অনেক টেস্ট খেলেছি। তবে আরো বেশি টেস্ট খেলা উচিত।"
বেশি টেস্ট খেলার কারণটাও ব্যাখ্যা করেছেন আশরাফুল, "বড় গ্যাপ'র পর টেস্ট খেলতে হলে নতুন করেই শুরু করতে হয়।"
ক্রিকেট জীবনের শুরু থেকেই টেস্ট আশরাফুলের পছন্দের শীর্ষে। তিনি বলেন, "শুরু থেকেই টেস্ট আমার সবচেয়ে পছন্দের ছিল। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় খেলা টেস্ট।"
এবার বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আশরাফুল বলেন, "জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করবো বলে আশা করছি। এবার ভালো অনুশীলন হচ্ছে। বেশ পরিশ্রমও করছি। ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী।"
টেস্ট ও একদিনের ক্রিকেটের পার্থক্য করতে গিয়ে আশরাফুল বলেন, "টেস্টে একটা সেশন বাজে খেলে আপনি হারতে পারেন। তবে একটা সেশন ভালো করে আপনি ম্যাচ বাঁচিয়েও দিতে পারেন। একদিনের ক্রিকেটে এই সুযোগ থাকে না। ত্রিশ মিনিট বাজে খেলেই ম্যাচ হারতে হতে পারে।"
টেস্টে খেললে ক্রিকেটারের স্কিল বাড়ে বলেও মনে করেন আশরাফুল। তিনি বলেন," টেস্ট খেললে স্কিল বাড়ে। টেস্টেই ক্রিকেটারের সত্যিকারের পরীক্ষা। এখানেই তার 'কোয়ালিটি' বের হয়ে আসে। নিজেকে প্রমাণেরও সুযোগ পান তিনি।"
সা
bdnews24