ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কৌশলে পরিবর্তন আনবেন না। যদিও আগের কোচ জেমি সিডন্স তার ব্যাটিং কৌশলে অনেক পরিবর্তন আনেন বলে দাবি করেন আশারাফুল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার লকে 'পজেটিভ' কোচ হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, এর আগে যিনি (জেমি সিডন্স) ছিলেন তিনি শুরুতে খুব নেতিবাচক ছিলেন। আমাদের ক্রিকেট নিয়ে নেতিবাচক কথাও বলেন তিনি।
সাবেক অধিনায়ক বলেন, "ল'র অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।"
"এর আগে জুলিয়েন ফন্টেইন আমাদের ফিল্ডিং কৌশল পাল্টে দেন। স্টুয়ার্ট ল ও জেসন সুইফট দুজনই বলেছেন, এক্ষেত্রে আমাদের চাওয়ার ওপর বেশি গুরুত্ব দেয়া হবে," বলেন তিনি।
ব্যাটিং সম্পর্কে আশরাফুল বলেন, "জেমি সিডন্স আমার ব্যাটিংয়ে অনেক পরিবর্তন আনেন। কিন্তু ল জানিয়েছেন যে আমার কৌশলে কোনো পরিবর্তন আনবেন না। তবে ছোটখাটো কিছু বিষয় নিয়ে কাজ করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২২৫ ঘ.
bdnews24