ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক সাকিব-আল-হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রথম দিনটি কাটালেন নতুন প্রধান কোচ স্টুয়ার্ট ল।
ল অবশ্য তাদের অনুপস্থিতিকে নিচ্ছেন স্বাভাবিকভাবেই। তিনি বলেন, "আজ সবাইকে পেলে ভালো হত। তবে ওই দুজন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। আজ ব্যক্তিগত কারণে তারা আসেননি।
কাউন্টিতে নিজের প্রথম মৌসুমেই পায়ে চোট পান তামিম। সে বিষয়টি উল্লেখ করে ল বলেন, " ওনার (তামিম) একটু চোট রয়েছে। তবে রানিং করতে না পারলেও নেটে ব্যাটিং করবেন বলে আমা রাখি। কাল হয়তো সবাইকে একসঙ্গে পাবো।"
প্রথম সেশন দেখে বাংলাদেশের ফিল্ডিংয়ের বেশ প্রশংসা করলেন ল। তিনি বলেন, "বাংলাদেশের ফিল্ডিং উঁচু মানের। কারো কাঁধে চোট আছে কী না দেখে নিলাম। সব মিলিয়ে প্রথম দিন খুব ভালো হয়েছে।"
এর আগে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে জিম্বাবুয়ে সফর করার অভিজ্ঞতা আছে ল'র। সে অভিজ্ঞতা থেকে জিম্বাবুয়েকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আদর্শ জায়গা বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১১৮ ঘ.
bdnews24