২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-ইংল্যান্ড সিরিজে এলবিডব্লিউ ছাড়া ডিআরএস

ভারত-ইংল্যান্ড সিরিজে সংশোধিত আকারে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করা হবে। তবে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে তা প্রয়োগ করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-ইংল্যান্ড সিরিজে সংশোধিত আকারে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করা হবে। তবে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে তা প্রয়োগ করা হবে না। লর্ডসে প্রথম টেস্ট শুরুর একদিন আগে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, ডিআরএসের অংশ হিসেবে 'ইনফ্রা-রেড' প্রযুক্তি ও স্ট্যাম্পে মাইক্রোফোন ব্যবহার করা হবে। তবে 'বল-ট্র্যাকিং' প্রযুক্তি ব্যবহার করা হবে না। আইসিসি যেভাবে ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে যা ব্যবহার না করলেই নয়, কেবল তাই প্রয়োগ করা হবে এই সিরিজে। এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে ডিআরএস ব্যবহার না করায় বিভিন্ন প্রশ্নের জন্ম দিতে পারে। যেমন, কোনো ব্যাটসম্যানকে ব্যাট-প্যাড ক্যাচে আউট দেয়ার পর ডিআরএস ব্যবহার করে যদি দেখা যায় যে তার ব্যাটে বল লাগেনি, তাহলে এলবিডব্লিউয়ের আবেদন জানানোর সুযোগ প্রতিপক্ষের থাকছে না। আইসিসি জানায়, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) 'বল-ট্র্যাকিং' প্রযুক্তি (হক-আই কিংবা ভার্চুয়াল আই) ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাজি হয়নি। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, "আম্পায়ারকে সাহায্য করার জন্য আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিআরএস ব্যবহার করা সম্ভব না হওয়ায় আমরা কিছুটা হতাশ। তবে যা ব্যবহার না করলেই নয়, অন্তত তা প্রয়োগ করতে পারছি বলে আমরা খুশি।" তবে তিনি একথাও বলেন যে, আইসিসিও বল-ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছিল, যাতে এলবিডব্লিউর সিদ্ধান্ত পর্যালোচনা করা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫২০ ঘ.