ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবির ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, তিন মাসের মধ্যে নেটে বল করতে পারবেন পেসার মাশরাফি বিন মর্তুজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ডা. দেবাশীষ বলেন, "এখন শক্তি ফিরে পাওয়ার জন্য ব্যায়াম করেছেন তিনি। শরীরের উপরের অংশ ও নিচের অংশের জন্য দুই রকমের ব্যায়াম করতে হচ্ছে তাকে।"
মাশরাফির অস্ত্রোপচারের দুই মাস পেরিয়ে গেছে।
চিকিৎসক বলেন, "আর দুই মাস পর মাশরাফি নেটে ব্যাটিং করতে পারবেন। তবে ম্যাচ খেলার মতো সুস্থ হয়ে উঠতে তার আরো সময় লাগবে।"
তিনি বলেন, "মাশরাফি এখনো বেশ দুর্বল। তবে তার অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।" এতে আমরা সন্তুষ্ট বলে উল্লেখ করে তিনি বলেন, "তার মূল সমস্যা হাঁটু ভাজ করা নিয়ে। তবে শিগগির তা কেটে যাবে বলে আশা করছি।"
মাশরাফির অবস্থার উন্নতির সঙ্গে তাল মিলিয়ে তার চিকিৎসার কৌশলও পাল্টাবে বলে জানান তিনি।
গত বছরের নভেম্বরে প্রিমিয়ার ডিভিশনের একটি খেলায় রান নিতে গিয়ে হাঁটুতে পান মাশরাফি। এ কারণে বিশ্বকাপ দলে না থাকলেও প্রতিযোগিতার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ খেলেন। এরপর যান অস্ট্রেলিয়া। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং তার অস্ত্রোপচার করেন।
মাশরাফির চিকিৎসা করার সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৩০ ঘ.
bdnews24