ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন শিষ্যরা যত অলসই হোক ঠিকই কাজ বের করে নেবেন বলে জানালেন জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ জেসন সুইফট।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সুইফট বলেন, "কোচিং জীবনে অলস শিষ্য কম পায়নি। তবে তাদের সবার কাছ থেকেই কাজ বের করে নিয়েছি। সব কোচেরই কাজ বের নেয়ার কৌশল থাকে।"
শ্রীলঙ্কা ছাড়া উপমহাদেশের অন্য দেশগুলোর ক্রিকেটাররা একটু অলস। ফিল্ডিংয়ে খুব একটা পরিশ্রম করতে চান না। নতুন শিষ্যদের কেউ এমন হলে কী করবেন সে প্রশ্নের জবাবে এই উত্তর দেন সুইফট।
তবে নতুন শিষ্যদের মোটেও আলসে মনে হচ্ছে না সুইফটের। তিনি বলেন, "এরা তরুণ এবং প্রতিভাবান। ফিল্ডিং নিয়ে কাজ করার জন্য এরাই আদর্শ।"
বাংলাদেশের ফিল্ডিংয়ের মান বেশ ভালো। ফিল্ডিংয়ে কোনো ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করে দেন তিনি। সুইফট বলেন, "আমি কোনো পরিবর্তন আনতে চাই না। আমি ফিল্ডিং আরো উন্নতি চাই।"
প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কাজ করবেন সুইফট। আলোচনা করবেন প্রত্যেকের সঙ্গে। তিনি বলেন, "প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তাদের মতামত শুনবো। তারপর আমার ভাবনা মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।"
সংবাদ সম্মেলনে এছাড়াও নতুন প্রধান কোচ স্টুয়ার্ট ল, বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ, মিডিয়া এন্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৩৯ ঘ.
bdnews24