২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এবার মাঠে নামার ব্যাপারে আশাবাদী'

বাংলাদেশ দলের সেরা একাদশে জায়গা পাওয়া এখন সহজ নয়। খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র বলে মনে করছেন শুভাগত হোম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দলের সেরা একাদশে জায়গা পাওয়া এখন সহজ নয়। খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র বলে মনে করছেন শুভাগত হোম চৌধুরী। জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছেন তিনি। সফরে একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে জায়গা পেয়েছিলেন তিনি। যদিও মাঠে নামা হয়নি। তবে এবার খেলার ব্যাপারে আশাবাদী তিনি। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি বলেন, "পরিশ্রম করছি, সেরা একাদশে সুযোগ পেলে শতভাগ চেষ্টা করবো, যাতে ভালো কিছু করতে পারি।" তিনি বলেন, "মোহম্মদ আশরাফুল ও জুনায়েদ সিদ্দিকসহ সবাই দলে থাকায় সেরা একাদশে জায়গা পাওয়া কঠিন হবে।" অলরাউন্ডার হিসেবে পরিচিতি পেলেও নিজেকে মূলত ব্যাটসম্যানই মনে করেন শুভাগত। তবে নেটে বল হাতেও বেশ পরিশ্রম করছেন তিনি। বলেন, "সবার আগে আমি একজন ব্যাটসম্যান। তবে নেটে প্রচুর বল করছি। নিজেকে প্রস্তুত রাখছি।" এক মাসের কন্ডিশনিং ক্যাম্পে থাকায় 'ফিটনেস'র উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি। এ পর্যন্ত ১০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন শুভাগত। তিন শতকসহ রান করেন ৯১৯। গড় ৬১.২৬। সর্বোচ্চ অপরাজিত ১৬৬। আর বল হাতে ২৬.৮৩ গড়ে নেন ৬ উইকেট। সেরা ৪/৩৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২৭ ঘ.