ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলে জায়গা পাকা করতে চান অলরাউন্ডার নাসির হোসেন।
জিম্বাবুয়ে সফরে ১৫ জনের দলে নতুন মুখ হিসেবে জায়াগা পেয়েছেন তিনি। শুভগত হোম চৌধুরী অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি।
এ পর্যন্ত ২২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন নাসির। এতে ১টি শতক ও ৫ অর্ধশতকসহ ৩১.২৯ গড়ে রান করেছেন ১০৬৪। সর্বোচ্চ ১২২। ২৬.১৩ গড়ে উইকেট নেন ৩০টি। সেরা ৩/২২।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে নাসির বলেন, দলে জায়গা পাকা করার জন্য জিম্বাবুয়ে সফরে ভালো করতে চান তিনি। এ জন্য কঠিন পরিশ্রমও করছেন।
অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেলেও নিজেকে ব্যাটসম্যানই মনে করেন। তার ভাষায়, "আমি আসলে নিজেকে একজন ব্যাটসম্যানই মনে করি।"
এর আগেও প্রাথমিক দলে ছিলেন নাসির। এবার জিম্বাবুয়ে সফরে চূড়ান্ত দলে জায়গা পান তিনি।
এক মাসের কন্ডিশনিং ক্যাম্পে থাকায় 'ফিটনেস'র উন্নতি হয়েছে বলে মনে করেন নাসির।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে পৌঁছার কথা ২৮ জুলাই। সফরে একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৫৫ ঘ.
bdnews24